করিন্থিয়ান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সান্তোসের দুশ্চিন্তা বাড়িয়েছে নেইমারের অসুস্থতা। ফ্লু-জাতীয় উপসর্গ দেখা দেওয়ায় শুক্রবার দলের অনুশীলনে অংশ নেননি ব্রাজিলিয়ান তারকা। তবে সতর্কতামূলক বিশ্রামের পর শনিবার অনুশীলনে ফিরবেন এবং সোমবারের ম্যাচে তাঁকে পাওয়া যাবে বলে আশাবাদী ক্লাব।
সান্তোসের অনুশীলন কেন্দ্র সিটি রেই পেলেতে শুক্রবার কৌশলগত অনুশীলনে দলের সঙ্গে ছিলেন না নেইমার। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে শারীরিক অবস্থার যেন অবনতি না হয়, সে কারণেই তাঁকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নেয় ক্লাবের মেডিকেল বিভাগ।
নেইমারের অবস্থা জানাতে সান্তোসের বিবৃতিতে বলা হয়েছে, ‘অ্যাথলেট নেইমার জুনিয়রের ফ্লু-জাতীয় উপসর্গ দেখা দিয়েছে এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ অনুযায়ী শুক্রবারের (২৮ আগস্ট) অনুশীলন থেকে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।’
তবে নেইমারের অসুস্থতা নিয়ে আপাতত বড় কোনো শঙ্কা দেখছে না সান্তোস। শনিবার অনুশীলনে ফেরার কথা রয়েছে তাঁর। ফলে নিও কিমিকা অ্যারেনায় করিন্থিয়ান্সের বিপক্ষে ডার্বিতে অধিনায়ককে পাওয়া যাবে বলেই আশা করা হচ্ছে।
চলতি মৌসুমে সান্তোসের আক্রমণভাগে নেইমারের গুরুত্বও স্পষ্ট। ২৪ ম্যাচে এখন পর্যন্ত ৯ গোল ও ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। এর আগে কোপা দো ব্রাজিলে নেইমারকে ছাড়া খেলতে নেমে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হেরেছিল সান্তোস।
করিন্থিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগে নেইমারের অসুস্থতার পাশাপাশি আরও চিন্তা ভর করেছে সান্তোস দলে। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে পাচ্ছে না তারা। হলুদ কার্ডের শাস্তিতে নিষিদ্ধ জোয়াও শ্মিট। আর হাঁটুর মচকে যাওয়ার চোটে বাইরে আছেন গ্যাব্রিয়েল মেনিনো।