বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর লিওনেল স্কালোনির ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছিল অনিশ্চয়তা। তবে আর্জেন্টিনার কোচ হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না তিনি। ফলে স্কালোনিকে নিয়ে নতুন আশার আলো দেখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
চলতি বছরের ডিসেম্বরেই স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে। এর আগে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে আলোচনা শুরু করে এএফএ। দুই পক্ষের মধ্যে সমঝোতা হলে আরও দুই বছর আর্জেন্টিনার কোচ হিসেবে থাকতে পারেন তিনি। চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ রাখার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
বিশ্বকাপের পর নিজের ভবিষ্যৎ নিয়ে স্কালোনি বলেছিলেন, ‘আমি কী করতে চাই, সে বিষয়ে আমার একটা ধারণা আছে। চুক্তির মেয়াদ পূর্ণ করব, তারপর দেখা যাবে।’ তাঁর সেই মন্তব্যের পর দায়িত্বে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। তবে সম্প্রতি নিজের অবস্থান নিয়ে কথা বলতে গিয়ে দায়িত্ব চালিয়ে যাওয়ার সম্ভাবনা খোলা রেখেছেন আর্জেন্টিনার এই কোচ।
এশীয় সম্প্রচারমাধ্যম মিগুকে দেওয়া সাক্ষাৎকারে স্কালোনি বলেন, ‘আমরা চেষ্টা করব, আমরা থাকি বা না থাকি।’ বিশ্বকাপের সাফল্যের পুনরাবৃত্তি যে কঠিন হবে, সেটিও স্বীকার করেছেন তিনি। তবে পরবর্তী প্রজন্মের ফুটবলারদের সুযোগ দিয়ে নতুন করে দল গড়ার পরিকল্পনা রয়েছে তাঁর।
স্কালোনি বলেন, ‘তারা সত্যিই সুযোগ পাওয়ার যোগ্য। আসন্ন ম্যাচগুলোতে আমাদের লক্ষ্য এমন তরুণদের সুযোগ দেওয়া, যারা আমাদের খেলার ধরনে মানিয়ে নিতে পারে। এখন একটি গুরুত্বপূর্ণ ও সুন্দর সময় শুরু হচ্ছে। দরজায় কড়া নাড়া এই তরুণদের ওপর আস্থা রাখার সময় এসেছে।’
তরুণদের দলে জায়গা পাওয়ার ক্ষেত্রে বয়স নয়, বরং ক্লাবের হয়ে পারফরম্যান্সই বিবেচনায় নেবেন বলে জানিয়েছেন স্কালোনি।
আগামী ৩০ সেপ্টেম্বর বলিভিয়া, ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। বেনিনের বিপক্ষে ম্যাচটি হবে লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের উপলক্ষ। এই তিন ম্যাচে স্কালোনিই আর্জেন্টিনার দায়িত্ব সামলাবেন।
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর দলটিকে ২০২১ ও ২০২৪ সালে কোপা আমেরিকা, ২০২২ সালে ফিনালিসিমা এবং একই বছর বিশ্বকাপ জিতিয়েছেন স্কালোনি। তাঁর অধীনে চারটি শিরোপা জিতেছে আর্জেন্টিনা।