ইসরায়েলের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচ খেলবে আয়ারল্যান্ড। তবে ম্যাচটি নিয়ে দলের ভেতরে ছিল তীব্র মতভেদ। শেষ পর্যন্ত খেলোয়াড়দের ভোটে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় ম্যাচটি মাঠে গড়ানোর সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে গাজা সংঘাতে নিহতদের স্মরণে কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন আইরিশ ফুটবলাররা।
ফুটবল অ্যাসোসিয়েশন অব আয়ারল্যান্ডের (এফএআই) প্রধান নির্বাহী ডেভিড কুরেল শনিবার জানান, ম্যাচটি খেলা হবে কি না, তা নিয়ে খেলোয়াড়দের মাঝে ভোট হয়েছে। সেখানে বেশিরভাগ সদস্য ম্যাচটি খেলার পক্ষে মত দিয়েছে। তবে তিনি ভোটের সুনির্দিষ্ট ফল প্রকাশ করেননি।
কুরেল বলেন, ‘তারা সংঘাতে প্রাণ হারানো সবার প্রতি শ্রদ্ধা জানাতে কালো আর্মব্যান্ড পরারও সিদ্ধান্ত নিয়েছে।’
ম্যাচ ঘিরে অনিশ্চয়তার মধ্যে শনিবার আয়ারল্যান্ড দলের সংবাদ সম্মেলন ও অনুশীলনও পিছিয়ে যায়। আলোচনার একপর্যায়ে গোলরক্ষক গ্যাভিন বাজুনু ম্যাচে অংশ না নেওয়ার সিদ্ধান্ত জানান এবং দল থেকে সরে দাঁড়ান।
ইসরায়েলের বিপক্ষে ম্যাচ বয়কটের দাবিও উঠেছিল। স্টপ দ্য গেম প্রচারণার মাধ্যমে আইরিশ স্পোর্ট ফর প্যালেস্টাইন খেলোয়াড়দের ম্যাচ থেকে সরে দাঁড়ানোর আহ্বান জানায়। ১৬০ জনের বেশি আইরিশ ক্রীড়াবিদও জাতীয় দলকে ম্যাচ না খেলার আহ্বান জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেন।
আয়ারল্যান্ডের মিডফিল্ডার জেসন নাইটও প্রকাশ্যে ম্যাচটি না খেলার পক্ষে মত দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমার মনে হয় না ম্যাচটি হওয়া উচিত, কিন্তু এটি হতে যাচ্ছে।’
সবশেষে এফএআই জানিয়েছে, খেলোয়াড়দের ভিন্নমতকে তারা সম্মান করে। সংস্থাটির দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে ম্যাচগুলো খেলা হবে।’
আজ দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে হাঙ্গেরির দেবরেসেনের নাগিয়ারদেই স্টেডিয়ামে ইসরায়েলের বিপক্ষে মাঠে নামবে আয়ারল্যান্ড। ৪ অক্টোবর সার্বিয়ার বাক্কা তোপোলায় হবে ফিরতি ম্যাচ। আয়ারল্যান্ডের হোম ম্যাচ হলেও সেটি দর্শকশূন্য মাঠে আয়োজন করা হবে।