ফরাসি লিগ ওয়ানে এক ম্যাচে পাঁচ গোলের ১২ বছরের পুরোনো কীর্তির পুনরাবৃত্তি করলেন আবদাল্লাহ সিমা। তাঁর পাঁচ গোলের দুর্দান্ত পারফরম্যান্সে অ্যাঞ্জার্সকে ৫-২ গোলে হারিয়েছে লঁস। নতুন কোচ দিদিয়ে দিগার্দের অধীনে প্রথম জয় পেল দলটি।
অ্যাঞ্জার্সের মাঠে ম্যাচের শুরুটা ভালো হয়নি লঁসের। ৪৩ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান সিমা। বিরতির পর স্বাগতিকেরা আবার এগিয়ে গেলেও এরপর ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেয় লঁস। ৬৪ মিনিটে সমতাসূচক গোল করেন সিমা। এরপর ৭০, ৭৬ ও ৮১ মিনিটে আরও তিনবার জালের দেখা পান তিনি।
মাত্র ৩৮ মিনিটের ব্যবধানে পাঁচ গোল করে দলকে দারুণ জয় এনে দেন সিমা। ইউরোপের শীর্ষ পাঁচ লিগেও এটি বিরল কীর্তি। ২০১৮ সালের পর এই প্রথম কোনো ফুটবলার এক ম্যাচে পাঁচ গোল করলেন। সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন লুকা ইয়োভিচ। আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের হয়ে ফর্চুনা ডুসেলডর্ফের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন তিনি।
ফরাসি লিগ ওয়ানে সর্বশেষ এক ম্যাচে পাঁচ গোলের দেখা মিলেছিল ২০১৪ সালের অক্টোবরে। সেবার নিসের হয়ে গিঙ্গাম্পের বিপক্ষে পাঁচ গোল করেছিলেন কার্লোস এদুয়ার্দো। দীর্ঘ ১২ বছর পর সেই কীর্তির পুনরাবৃত্তি করলেন সেনেগালের ফরোয়ার্ড সিমা। ফরাসি শীর্ষ লিগের ইতিহাসে এক ম্যাচে পাঁচ গোল করা ১৭তম খেলোয়াড় এখন তিনি।
অথচ অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচের আগে চলতি মৌসুমে লিগ ওয়ানে ছয় ম্যাচ খেলে সিমার গোল ছিল মাত্র একটি। শনিবার পাঁচটি শট লক্ষ্যে রেখেই পাঁচ গোল করেন ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড। এর মধ্যে চারটি গোল করেছেন মাত্র ১৭ মিনিটের ব্যবধানে।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সিমা বলেন, ‘সত্যি বলতে, এটা অসাধারণ কিছু। এই মুহূর্তটা চিরকাল আমার সঙ্গে থাকবে। আজীবন স্মরণীয় হয়ে থাকবে, নিশ্চিতভাবেই।’
সতীর্থদের অবদানও তুলে ধরেছেন সিমা, ‘তারা ছাড়া কাজটা কঠিন হয়ে যেত। আমি কখনোই পাঁচ গোল করতে পারতাম না। তাদের ধন্যবাদ জানাই। পাঁচ গোল করতে পেরে আমি খুশি। তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো দল।’
এই জয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় সপ্তম স্থানে উঠে এসেছে লঁস। নতুন কোচ দিগার্দও পেয়েছেন দায়িত্ব নেওয়ার পর প্রথম জয়। ম্যাচ শেষে সিমার প্রশংসা করে তিনি বলেন, ‘আমাদের একজন খেলোয়াড় দুর্দান্ত ছন্দে ছিল। সতীর্থরা তাকে দারুণভাবে সহায়তা করেছে। আবদাল্লাহ, আজকের দিনটা ছিল তার।’