হোম > খেলা > ফুটবল

ফ্রান্সকে হারিয়ে ৬৪ বছরের আক্ষেপ ঘোচাল ইতালি

ক্রীড়া ডেস্ক    

শুরুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে আজ্জুরিরা। ছবি: সংগৃহীত

শুরুতে এগিয়ে গিয়েও ইতালির বিপক্ষে জেতা হয়নি ফ্রান্সের। উয়েফা নেশনস লিগের ম্যাচে বৃহস্পতিবার দিবাগত রাতে সান সিরোয় ডেকে নিয়ে ফরাসিদের ৩-১ গোলে হারিয়েছে আজ্জুরিরা। এর মাধ্যমে ঘরের মাঠে ফ্রান্সের বিপক্ষে ৬৪ বছরের জয়খরা কাটল ইতালির।

নিজেদের মাঠে ফ্রান্সের বিপক্ষে ইতালির আগের জয়টি ছিল ১৯৬২ সালের ৫ মে তারিখে। ফ্লোরেন্সে হওয়া সেই ম্যাচে ২-১ গোলে জিতেছিল স্বাগতিকেরা। এরপর একাধিকবার ফরাসিদের আতিথেয়তা দিলেও জয়ের মুখ দেখা হয়নি ইতালির। ২০২৪ সালের নভেম্বরে সান সিরোয় সর্বশেষ দেখায় ৩-১ গোলে হেরেছিল তারা।

সবশেষ ম্যাচের দশম মিনিটে ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুম্মার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে এগিয়ে নেন মাইকেল ওলিসে। ২৬ মিনিটে পিও এসপোসিতোর গোলে সমতায় ফেরে ইতালি।

বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইতালি। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন সেবাস্তিয়ানো এসপোসিতো। তবে তিন মিনিট পর দাভিদে ফ্রাত্তেসির গোলে এগিয়ে যায় ইতালি। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করে দলের জয় নিশ্চিত করেন পিও এসপোসিতো।

এই জয়ে গ্রুপ ওয়ানে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে ইতালি। সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। গোল ব্যবধান ও মুখোমুখি লড়াইয়ে এগিয়ে থাকায় শীর্ষস্থান নিজেদের করে নিয়েছে আজ্জুরিরা। আগামী ১৬ নভেম্বর ব্রাসেলসে বেলজিয়ামের আতিথেয়তা নেবে ইতালি। সে ম্যাচে পয়েন্ট ভাগ করতে পারলেই কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত হবে তাদের।

ফ্রান্সের সঙ্গে প্রথম দেখায় ১-১ গোলে ড্র করেছিল ইতালি। সেবার ওলিসের দুর্দান্ত ফ্রি-কিকে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। পরে আলেসান্দ্রো বাস্তোনি ইতালিকে সমতায় ফেরান।