কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। এতটাই ভক্ত-সমর্থকদের চক্ষুশূলে পরিণত হয়েছেন যে ম্যাচ শেষে একা একা ড্রেসিংরুমে যেতে হয় তাঁকে। জয়ের পর সতীর্থদের সঙ্গে উদযাপন করার সৌভাগ্যও নেই তাঁর। এমন এক পরিস্থিতিতে আলভারেসের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টাইন এক ব্যবসায়ী।
বার্সেলোনায় যাওয়ার ইচ্ছে প্রকাশ করতেই আতলেতিকো মাদ্রিদের দর্শকদের রোষানলে পড়েছেন আলভারেস। কদিন আগে অনুশীলন মাঠের সামনে ‘হুলিয়ান আউট’ লেখা ব্যানার টাঙানো হয়েছিল। কোথাও কোথাও তাঁর ১৯ নম্বর জার্সির ওপর ক্রস চিহ্ন এঁকে তাঁর বিদায়ও দাবি করেছেন ভক্তরা। আর্জেন্টাইন ব্যবসায়ী হোর্হে ব্রিতো গত রাতে আলভারেসের সঙ্গে ছবি তুলে সেটা ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। দুজনেই ‘জে আলভারেস ৯’ নামে জার্সি ধরে আছেন। ক্যাপশনে ব্রিতো লিখেছেন, ‘সব সময় তোমার সঙ্গে আছি হুলি। এত অল্প বয়স থেকেই তোমার বেড়ে ওঠা দেখার সুযোগ পাওয়া আমার জন্য সৌভাগ্যের। এর মাধ্যমে শুধু একজন অসাধারণ ক্রীড়াবিদকেই নয়। একজন অসাধারণ মানুষকেও জানার সুযোগ হয়েছে।’
২০১৮ সালে রিভার প্লেটের হয়েই আলভারেসের ক্লাব ক্যারিয়ার শুরু হয়েছে। ব্রিতো এই ক্লাবের সাবেক প্রেসিডেন্ট হওয়ায় আলভারেসকে কাছ থেকে দেখতে পেরেছিলেন। আর্জেন্টিনার ফুটবলারের প্রতি সহানুভূতি প্রকাশ করে ব্রিতো লেখেন, ‘তোমার পথচলার গল্প জানি আমি। তুমি কোথা থেকে এসেছ, সেটাও আমার জানা। তোমার পরিবারকে চিনি। তোমার রিভার প্লেট স্কুলের শিক্ষকদের চিনি। যে মূল্যবোধ নিয়ে বড় হয়েছ, সেগুলোও জানি।’
রিভার প্লেট, ম্যানচেস্টার সিটি হয়ে এখন আতলেতিকোতে খেলছেন আলভারেস। সদ্য শেষ হওয়া ফুটবল বিশ্বকাপে চোখধাঁধানো এক গোল করেন তিনি। এর আগে ২০২৫-২৬ লা লিগায় আতলেতিকো চার নম্বরে থেকে শেষ করেছিল। সেই মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলে ক্লাবটির জার্সিতে ৪৯ ম্যাচে ২০ গোল করেছিলেন। অ্যাসিস্ট ছিল ৯টি। লা লিগা, চ্যাম্পিয়নস লিগ সব টুর্নামেন্টেই তিনি গোল পেয়েছিলেন।
আলভারেসের কাজের প্রতি নিবেদনে মুগ্ধতা ঝরেছে ব্রিতোর কণ্ঠে। ইনস্টাগ্রামে আর্জেন্টাইন ব্যবসায়ী বলেন, ‘আমি জানি তুমি কীভাবে চিন্তা করো, কীভাবে কাজ করো। প্রত্যেক জার্সির জন্য তুমি যে সততা, পেশাদারি ও প্রতিশ্রুতি নিয়ে সবসময় লড়েছ, তা জানি। যারা তোমাকে সারাজীবন ধরে চেনে, তারা খুব ভালোভাবেই জানে, তুমি কী ধরনের মানুষ। সামনে এগিয়ে যেতে থাকো।’
ওয়ান্দাও মেত্রোপলিতানো স্টেডিয়ামে পরশু রাতে লা লিগায় আতলেতিকো মাদ্রিদ খেলেছে ভিয়ারিয়ালের বিপক্ষে। ৬৭ মিনিটে মার্ক পিউবিলের বদলি হিসেবে নামানো হয় আলভারেসকে।মূল একাদশে না নামলেও তোপের মুখে পড়েন তিনি। যার ফলে সতীর্থরা ম্যাচ শেষে ভক্ত-সমর্থকদের অভিনন্দনের জবাব দিলেও আলভারেস সেখানে ছিলেন না। সতীর্থদের সঙ্গে না গিয়ে একাই ড্রেসিংরুমে চলে যান আর্জেন্টাইন তারকা। ক্লাবের সিদ্ধান্তেই দর্শকদের কাছ থেকে আলাদা রাখা হচ্ছে বলে উল্লেখ করেছেন আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে।
আলভারেসকে চলমান গ্রীষ্মকালীন দলবদলে বিক্রি করতে চায় না আতলেতিকো মাদ্রিদ। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ডের জন্য ১৫০ মিলিয়ন ইউরোর প্রস্তাব এলে সেটি বিবেচনা করতে পারে স্প্যানিশ ক্লাবটি। বাংলাদেশি মুদ্রায় তকা ২১৪৮ কোটি ৬০ লাখ টাকা। ‘দ্য অ্যাথলেটিক’কে এমনটাই জানিয়েছে আতলেতিকোর ঘনিষ্ঠ একটি সূত্র।
ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফাব্রিৎসিও রোমানো দিয়েছেন চমকে দেওয়ার মতো এক তথ্য।আর্সেনালের কর্মকর্তারা আলভারেসের এজেন্টের সঙ্গে বৈঠক করেছেন বলে জানিয়েছেন রোমানো। তাঁর কথা অনুযায়ী আতলেতিকোর সঙ্গেও এজেন্টরা আলাপ-আলোচনা করেছেন। তবে আর্জেন্টাইন ফরোয়ার্ড ইংল্যান্ডে যেতে চান না বলে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে।