হোম > খেলা > ফুটবল

পেলে-মেসিদের কাতারে ইয়ামাল

ক্রীড়া ডেস্ক    

লামিনে ইয়ামাল। ছবি: সংগহীত

ফুটবল ইতিহাসের কিংবদন্তিদের সঙ্গে এবার এক সুতোয় গাঁথা হলো লামিনে ইয়ামালের নাম। ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে স্পেনের ঐতিহ্যবাহী ১০ নম্বর জার্সি পরে মাঠে নামবেন বার্সেলোনার এই তরুণ ফরোয়ার্ড।

উয়েফা নেশনস লিগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ সামনে রেখে ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছেন স্পেন কোচ লুইস দে লা ফুয়েন্তে। এই ম্যাচের ফলেই নির্ধারিত হবে গ্রুপের শীর্ষস্থান। পাশাপাশি রানার্সআপ দলকে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ খেলতে হবে প্রতিপক্ষের মাঠে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদন অনুযায়ী, জাতীয় দলের ক্যাম্পে থাকা ২৮ জনের মধ্যে চারজনকে বাদ দিয়েছেন লা ফুয়েন্তে। ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হয়ে আগেই ক্যাম্প ছেড়েছেন আলেহান্দ্রো গ্রিমালদো। বাদ পড়া চারজন হলেন আলভারো কারেরাস, হাকোবো রামন, দে ফ্রুতস ও রবার্তো ফার্নান্দেজ।

তবে দল ঘোষণার পর সবচেয়ে বেশি আলোচনায় এসেছে জার্সি নম্বর। দানি ওলমোর চোটের কারণে স্পেনের ১০ নম্বর জার্সিটি ফাঁকা ছিল। সেই সুযোগে নিয়মিত ১৯ নম্বর জার্সি পরা ইয়ামাল এবার পেয়েছেন ১০ নম্বর।

ফুটবল ইতিহাসে ১০ নম্বর জার্সি মানেই বিশেষ মর্যাদা। পেলে, দিয়েগো ম্যারাডোনা, লিওনেল মেসি, মিশেল প্লাতিনি, লুকা মদরিচ, জিনেদিন জিদান ও জিকোর মতো কিংবদন্তিরা এই জার্সি পরে মাঠ মাতিয়েছেন। এবার সেই ঐতিহ্যের অংশ হচ্ছেন ইয়ামাল।

স্পেনের হয়ে অবশ্য এবারই প্রথম ১০ নম্বর জার্সি পরছেন না ইয়ামাল। ২০২৪ সালের অক্টোবরে দলের একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতিতে প্রথমবার জার্সিটি পেয়েছিলেন তিনি। মুরসিয়ায় ডেনমার্কের বিপক্ষে সেই ম্যাচে ১-০ গোলে জিতেছিল স্পেন। জয়সূচক গোলটি করেছিলেন মার্টিন জুবিমেন্দি।

তিন দিন পর সার্বিয়ার বিপক্ষে ম্যাচে পেশির সমস্যায় খেলতে পারেননি ইয়ামাল। তাঁর জায়গায় ১০ নম্বর জার্সি পরেছিলেন রদ্রিগো রিকেলমে। সেই ম্যাচে স্পেন জিতেছিল ৩-০ গোলে।

স্পেনের হয়ে ১০ নম্বর জার্সির সঙ্গে দীর্ঘদিন জড়িয়ে ছিল সেস ফাব্রেগাসের নাম। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত স্প্যানিশদের সোনালি সময়ের অন্যতম সদস্য হিসেবে জার্সিটি পরেছেন তিনি। ২০১৬ সালের সেপ্টেম্বরে হুলেন লোপেতেগি স্পেনের দায়িত্ব নেওয়ার পর জাতীয় দল ছাড়েন ফাব্রেগাস।

এরপর থিয়াগো আলকান্তারা, মার্কো আসেনসিও, সার্জিও কানালেস, কার্লোস সোলের, সের্হি রবার্তো, পেদ্রি ও দানি সেবায়োসের গায়েও দেখা গেছে ১০ নম্বর জার্সি। লা ফুয়েন্তের অধীনে প্রথম এই জার্সি পেয়েছিলেন সেবায়োস।

এ ছাড়া ইয়েরেমি পিনো, ব্রায়ান সারাগোসা, রদ্রিগো রিকেলমে ও নিকো উইলিয়ামসও বিভিন্ন সময়ে জার্সিটি পরেছেন। তবে বর্তমানে স্পেনের হয়ে ১০ নম্বর জার্সির নিয়মিত অধিকারী দানি ওলমো। তাঁর অনুপস্থিতিতে এবার সেই দায়িত্ব পেলেন ইয়ামাল।