হোম > খেলা > ফুটবল

অবসর নিলেও অস্ট্রেলিয়ার ক্লাবটির সঙ্গে থাকবেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টোরির জার্সিতে আর দেখা যাবে না হুয়ান মাতাকে। তবে এবার তিনি থাকছেন ক্লাবটির বিশেষ দায়িত্বে। ছবি: সংগৃহীত

হুয়ান মাতা কি অস্ট্রেলিয়ার ক্লাব মেলবোর্ন ভিক্টোরির সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন? উত্তরটা হ্যাঁ, না—দুইভাবেই দেওয়া যায়। কারণ, অস্ট্রেলিয়ার ক্লাবটির জার্সিতে দেখা যাবে না তাঁকে। তবে স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার মেলবোর্ন ভিক্টোরির বিশেষ দায়িত্বে আছেন।

আজ মাতা মেলবোর্ন ভিক্টোরির সঙ্গে এক বছরের সম্পর্কের ইতি টানলেন। তবে বয়স ৩৮ বছর হলেও অবসরের কথা কিছু জানাননি স্পেনের ২০১০ ফুটবল বিশ্বকাপজয়ী তারকা। গত এক বছর ক্লাবটির সঙ্গে সঙ্গে মেলবোর্ন শহরকেও ভালোবেসে ফেলেছেন মাতা। অস্ট্রেলিয়ার সর্বোচ্চ পর্যায়ের টুর্নামেন্ট এ-লিগের ২০২৫-২৬ মৌসুমের খেলোয়াড় হয়েছেন তিনি। আজ এক বিবৃতিতে স্পেনের বিশ্বকাপজয়ী তারকা বলেন, ‘গত মৌসুমে আমরা যা অর্জন করেছি, প্রত্যেকটা মুহূর্ত আমি উপভোগ করেছি। এমন একটি বিশেষ জায়গায় এমন অসাধারণ শহরে ফুটবলের প্রেমে পড়া, এই শহরকে নিজের বাড়ি বলতে পারা আমার কাছে বিশেষ কিছু।’

অবসর নিলেও মেলবোর্ন ভিক্টোরির সঙ্গে পুরোপুরি সম্পর্ক শেষ হয়নি মাতার। মূলত ক্লাবটির আংশিক মালিকানা কেনায় ক্লাবের সঙ্গে থাকছেন স্প্যানিশ তারকা। মাতা বলেন, ‘এখন আমি জীবনের পরবর্তী অধ্যায় নিয়ে রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ার ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ভাবছি। মেলবোর্ন ভিক্টরির পরবর্তী প্রজন্মের খেলোয়াড় ও সমর্থকদের অনুপ্রাণিত করতে উন্মুখ হয়ে আছি।’

জুন মাসে মাতা ঘোষণা দিয়েছিলেন যে তিনি মেলবোর্ন ভিক্টোরিতে আংশিক মালিকানা কিনবেন।চুক্তির আর্থিক বা অন্যান্য শর্ত প্রকাশ করা হয়নি। তবে তিনি ক্লাবটির সদ্য প্রতিষ্ঠিত ফুটবল কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।

ফুটবলের বাইরেও মাতা বিভিন্ন জায়গায় বিনিয়োগ করেছেন। ফর্মুলা ওয়ানের দল আলপাইন এবং মেজর লিগ সকারের ক্লাব সান দিয়েগো এফসিতেও তাঁর মালিকানা রয়েছে। এবার মেলবোর্ন ভিক্টোরির মালিকানা থাকায় ক্লাবটির পরিচালনা বিভাগ বেশ রোমাঞ্চিত। অস্ট্রেলিয়ার ক্লাবটির ফুটবল পরিচালক জন দিদুলিকা বলেন, ‘হুয়ান আমাদের মালিকানা দলের অংশ হওয়ায় ক্লাবের সবাই রোমাঞ্চিত। ভবিষ্যতে তাঁর ফুটবল-জ্ঞান ও অভিজ্ঞতা আমাদের ফুটবল কমিটির নেতৃত্বে সহায়তা করবে।’

মাতা ২০২৫ সালে ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্সের হয়ে এক মৌসুম খেলার পর মেলবোর্ন ভিক্টোরিতে যোগ দেন। স্পেনের হয়ে ২০১০ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন তিনি। চেলসির হয়ে তিনি চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। ম্যানচেস্টার ইউনাইটেড, গ্যালাতাসারাই, ভিসেল কোবের জার্সিতেও চ্যাম্পিয়ন হয়েছেন। তবে খেলোয়াড়ি ক্যারিয়ারে কখনো অস্ট্রেলিয়ার দুই ক্লাব ওয়েস্টার্ন সিডনি ওয়ান্ডারার্স, মেলবোর্ন ভিক্টোরির হয়ে শিরোপা জিততে পারেননি মাতা।