হোম > খেলা > ফুটবল

চুল টেনে লাল কার্ড, বড় শাস্তির অপেক্ষায় জার্মান তারকা

ক্রীড়া ডেস্ক    

সরাসরি লাল কার্ড দেখেন এই মিডফিল্ডার। ছবি: সংগৃহীত

প্রতিপক্ষের চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেছেন বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখ। এই ঘটনায় অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন জার্মান মিডফিল্ডার। অপেক্ষা কেবল ম্যাচ রেফারির প্রতিবেদনের।

শনিবার বুন্দেসলিগার ১১তম রাউন্ডে হামবুর্গের মাঠে গোলশূন্য ড্র করে বায়ার্ন। ম্যাচের ৪৪ মিনিটে প্রতিপক্ষের আলেকজান্ডার রোসিং লেলেসিটের চুল টেনে ধরেন কিমিখ। ভিএআর পর্যালোচনার পর সরাসরি লাল কার্ড দেখান রেফারি বাস্তিয়ান ডাঙ্কার্ট।

স্কাই স্পোর্টস জার্মানিকে সাবেক রেফারি প্যাট্রিক ইট্রিখ জানিয়েছেন, কিমিখের শাস্তি নির্ধারণে রেফারির প্রতিবেদনের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। সেখানে প্রতিপক্ষের উসকানির বিষয়টি উঠে এসেছে কি না এবং ঘটনার পর কিমিখ ক্ষমা চেয়েছেন কি না, সেসবও বিবেচনায় আসতে পারে। তাঁর ধারণা, অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন বায়ার্নের এই মিডফিল্ডার।

ম্যাচ শেষে নিজের আচরণের জন্য অনুতপ্ত কিমিখও। সাংবাদিকদের তিনি বলেন, ‘এটা বড় ভুল ছিল। কোনোভাবেই এর পক্ষে যুক্তি দেওয়া যায় না। এক ঘণ্টা পরও বুঝতে পারছি না, কেন এমন করেছি। এটা একেবারেই অপ্রয়োজনীয় ও খুবই বোকামি ছিল। দলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে।’

নিজের ভুল স্বীকার করে কিমিখ আরও বলেন, ‘আমরা যে পরিস্থিতির মধ্যে আছি, তাতে আমার এই আচরণের কোনো যুক্তি নেই।’

ঘটনার ব্যাখ্যা দিতে না পারার কথাও জানান কিমিখ, ‘দলের কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। কী ঘটেছে, তা আমি সত্যিই ব্যাখ্যা করতে পারছি না। কাজটা ভীষণ বোকামি ছিল। তবে আমরা এক পয়েন্ট পেয়েছি, সেটাই ভালো লাগছে। সাধারণত আমি এমন কিছু করি না।’

ঘটনার আগে রোসিং লেলেসিটের সঙ্গে কোনো সংঘাত ছিল না বলেও দাবি করেন কিমিখ। তিনি বলেন, ‘ম্যাচের মধ্যে ওই খেলোয়াড়ের সঙ্গে আমার কোনো যোগাযোগ বা সংঘাত হয়নি। কী ঘটেছে, তার ব্যাখ্যা দিতে পারলে ভালো হতো। কিন্তু নিজেই বিষয়টি বুঝতে পারছি না।’

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের (ডিএফবি) নিয়ম অনুযায়ী, প্রতিপক্ষকে আক্রমণের ঘটনায় ছয় সপ্তাহ থেকে ছয় মাস পর্যন্ত নিষেধাজ্ঞা হতে পারে। তবে ঘটনার ঠিক আগে প্রতিপক্ষ অসদাচরণ করলে কিংবা আক্রমণকে লঘু হিসেবে বিবেচনা করা হলে শাস্তি কমিয়ে তিন ম্যাচেও নামিয়ে আনা সম্ভব।

এর আগেও লাল কার্ডের কারণে নিষিদ্ধ হয়েছিলেন কিমিখ। ২০২৩ সালে ডার্মস্টাডের বিপক্ষে লাল কার্ড দেখায় বুন্দেসলিগায় দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছিল তাঁকে। তবে এবারের ঘটনার ধরন ভিন্ন হওয়ায় শাস্তির মাত্রাও আলাদা হতে পারে।

আগামী সপ্তাহে ডিএফবির ক্রীড়া আদালতের রায় আসার কথা। সেই রায়েই নির্ধারিত হবে জার্মানির এই আন্তর্জাতিক ফুটবলার কত দিন মাঠের বাইরে থাকবেন।