হোম > খেলা > ফুটবল

অপেশাদারি আবহে শুরু বাংলাদেশ ফুটবল লিগ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ছবি: ফাইল ছবি

অনেকটা নীরবেই ১৩ দল নিয়ে আজ শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের নতুন মৌসুম। কিন্তু মাঠের বাইরের ছবিটা এখনো পুরোপুরি প্রস্তুত নয়। লিগ শুরুর আগের দিন পর্যন্ত নেই কোনো টাইটেল স্পনসরের ঘোষণা, চূড়ান্ত হয়নি টেলিভিশন সম্প্রচার স্বত্বও। পেশাদার লিগে অপেশাদারি ছাপ থেকেই যাচ্ছে।

যে লিগকে দর্শকের কাছে পৌঁছে দিতে সম্প্রচার আর বাণিজ্যিক অংশীদারত্ব গুরুত্বপূর্ণ, সেই দুই জায়গাতেই অনিশ্চয়তা নিয়েই শুরু হচ্ছে নতুন মৌসুম।

গত ২৩ জুলাই স্পনসরশিপের জন্য আগ্রহপত্র চেয়েছিল বাফুফে। মৌসুম শুরুর প্রায় দুই মাস আগে বাণিজ্যিক অংশীদার খোঁজার প্রক্রিয়া শুরু হলেও মাঠে বল গড়ানোর আগমুহূর্তে সেই প্রক্রিয়ার চূড়ান্ত ফল জানায়নি ফেডারেশন। গত মৌসুমে লিগের সঙ্গে বাণিজ্যিক অংশীদার ছিল; এবার নতুন মৌসুম শুরু হচ্ছে কোনো টাইটেল নাম ছাড়াই।

গত মৌসুমেও লিগ মাঠে গড়িয়েছিল বাণিজ্যিক পরিচয় ছাড়াই। টাইটেল স্পনসর ঠিক হতে লেগেছিল প্রায় দুই মাস। এরপর পেট্রোনাসকে সামনে রেখে নতুন লোগো প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই মালয়েশিয়ান প্রতিষ্ঠানটি জানিয়ে দেয়, লিগের সঙ্গে তাদের কোনো স্পনসরশিপ চুক্তি নেই। শেষ পর্যন্ত ইউনাইটেড হেলথকেয়ারকে টাইটেল স্পনসর করা হয়।

সম্প্রচার নিয়েও স্বস্তি ছিল না। প্রথম পর্বে একটি পূর্ণ রাউন্ডের ম্যাচ টেলিভিশনে দেখানো যায়নি। বাকি ম্যাচগুলোর অনলাইন সম্প্রচারে নিম্নমানের ক্যামেরা ও প্রযোজনা নিয়ে সমালোচনা হয়। এমনকি কয়েকটি ক্লাবের অভিযোগ ছিল, সম্প্রচার স্বত্বের রাজস্ব থেকে তাদের যে অংশ পাওয়ার কথা, সেটিও সময়মতো তারা পায়নি।

২০২৬-২৭ মৌসুমের বাংলাদেশ ফুটবল লিগ। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস



এবারও লিগে একই ছবি। দর্শকের কাছে লিগকে কীভাবে পৌঁছে দেওয়া হবে, সেটি শুরুর এক দিন আগেও জানানো হয়নি। এ ব্যাপারে লিগ কমিটির ডেপুটি চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘সবকিছুই প্রায় চূড়ান্ত, এ সপ্তাহের মধ্যেই জানানো হবে।’

মাঠের খেলায় অবশ্য এবার নতুনত্ব কম নয়। গত মৌসুমের ১০ দলের জায়গায় এবার খেলবে ১৩ দল। চ্যাম্পিয়নশিপ লিগ থেকে উঠে এসেছে চট্টগ্রাম সিটি, সিটি ক্লাব ও ঢাকা ওয়ান্ডারার্স। চট্টগ্রাম সিটি প্রথমবার শীর্ষ লিগে উঠেছে; দলটি চ্যাম্পিয়নশিপ লিগে চ্যাম্পিয়ন হয়ে এই সুযোগ পেয়েছে। সিটি ক্লাবও এবারই প্রথম খেলবে লিগ। আরামবাগ ও ফকিরেরপুল গত মৌসুমে অবনমিত হলেও তা বাতিল করা হয়েছে। বসুন্ধরা কিংস ও আবাহনীর ওপর ফিফার দলবদল নিষেধাজ্ঞা থাকায় লিগে দল বাড়ানোর পরিকল্পনা করে বাফুফে। তবে সময়ের আগে সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠছে ক্লাবগুলো।

এবারের লিগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সূচি। বল মাঠে গড়ানোর কথা ছিল মাসখানেক আগে। ক্লাবগুলো প্রস্তুত না হওয়ায় লিগ পেছাতে বাধ্য হয় বাফুফে। শুরু করে দেয় জাতীয় দলের অনুশীলন। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর ফিফা আন্তর্জাতিক উইন্ডো। এই সময় বাংলাদেশ জাতীয় দলের আসিয়ান কাপের প্রস্তুতি ও প্রতিযোগিতা চলবে। জাতীয় দলের খেলোয়াড়দের পাওয়া নিয়ে ১০টি ক্লাব এরই মধ্যে বাফুফের কাছে চিঠি দিয়েছিল। বসুন্ধরা কিংস, ফর্টিস ও বাংলাদেশ পুলিশ সেই যৌথ আবেদনে ছিল না। মোহামেডান তাদের ৯ ফুটবলার ফেরত নিতে বাফুফের কাছে চিঠিও পাঠিয়েছিল।

যদিও প্রথম রাউন্ডে মোহামেডানের কোনো ম্যাচ নেই। বসুন্ধরা কিংস অ্যারেনায় চট্টগ্রাম এফসির মুখোমুখি হবে ফর্টিস এফসি। গাজীপুরে রহমতগঞ্জের বিপক্ষে লড়বে পুলিশ এফসি। ঢাকা ওয়ান্ডারার্স ও ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের ম্যাচ দিয়ে অভিষেক হবে চাঁদপুর জেলা স্টেডিয়ামের। গোপালগঞ্জে ব্রাদার্স-সিটি ক্লাব ও মানিকগঞ্জে গতবারের রানার্সআপ আবাহনীকে আতিথ্য দেবে পিডব্লিউডি স্পোর্টস ক্লাব। সবগুলো ম্যাচই শুরু হবে বেলা ৩টায়। চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস অবশ্য মাঠে নামবে কাল। গোপালগঞ্জে তারা মুখোমুখি হবে আরামবাগের।