৩৯ দিনের ফুটবল বিশ্বকাপ শেষ হয়েছে গত সপ্তাহেই। তবু ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র রেশ এখনো রয়ে গেছে। এবার বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা বেছে নিল টুর্নামেন্টের সেরা গোল। যে গোলটা হয়েছে আর্জেন্টিনার বিপক্ষে।
ফিফা আজ নিজেদের ওয়েবসাইটে বিশ্বকাপের সেরা গোল প্রকাশ করেছে। আর্জেন্টিনার বিপক্ষে শেষ বত্রিশে কেপ ভার্দের ডিফেন্ডার সিদনি লোপেস কাবরালের করা গোলটাই ২০২৬ ফুটবল বিশ্বকাপের সেরা। ৪ জুলাই মায়ামিতে ১০৩ মিনিটে ইয়ানিক সেমেদোর পাস রিসিভ করে আর্জেন্টিনার ডিফেন্ডারদের কাটিয়ে ডান পায়ে বাঁকানো এক শটে লক্ষ্যভেদ করেন কাবরাল। কেপ ভার্দের ডিফেন্ডার যেভাবে গোল করেন, তা ঠেকানোর সাধ্য ছিল না আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসের। সমতাসূচক গোলের পর পুরো কেপ ভার্দে মেতে উঠেছিল উল্লাসে।
A goal that captured your hearts. 💙⚽️
— FIFA World Cup (@FIFAWorldCup) July 6, 2026
Sidny Lopes Cabral is your Hyundai GOTT Round of 32 winner and advances to the final vote.#FIFAWorldCup #Hyundai #HyundaiGOTT2026 #GoalOfTheTournament @Hyundai_Global pic.twitter.com/3cEDG0zwWw
কাবরালের দুর্দান্ত গোলের পরও সেদিন জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি কেপ ভার্দে। ১১১ মিনিটের গোলে হেরে যায় নবাগত এই দল। লিওনেল মেসির কর্নার থেকে গোল করেছিলেন ক্রিস্তিয়ান রোমেরো। তবে কেপ ভার্দে ডিফেন্ডার দিনেই বোর্জেসের আত্মঘাতী গোল হিসেবে সেটা তালিকাভুক্ত হয়েছিল। ৩-২ গোলে হেরে শেষ বত্রিশেই থেমে গিয়েছিল কেপ ভার্দের পথচলা।
প্রথমবার ফুটবল বিশ্বকাপ খেলতে এসেই চমকে দিয়েছিল কেপ ভার্দে। স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে শুরু করেছিল আফ্রিকা মহাদেশের দলটি। এরপর উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল কেপ ভার্দে। সৌদি আরবকেও রুখে দিয়েছিল (গোলশূন্য ড্র) কেপ ভার্দে। তবে আর্জেন্টিনার কাছে হেরে শেষ বত্রিশেই পথচলা থেমে গিয়েছিল কেপ ভার্দের। হারলেও আর্জেন্টাইনদের কাঁপিয়ে দেওয়ায় অনেক প্রশংসা কুড়িয়েছিল আফ্রিকা মহাদেশের দলটি। দেশে ফেরার পর কেপ ভার্দে ফুটবল দলকে দেওয়া হয়েছিল রাজকীয় সংবর্ধনা।
চোখধাঁধানো গোল করেও বিশ্বকাপের সেরা একাদশে অবশ্য জায়গা করে নিতে পারেননি কাবরাল। বিশ্বকাপের একাদশে কেপ ভার্দের একমাত্র ফুটবলার হিসেবে জায়গা পেয়েছেন ভোজিনিয়া। গত সপ্তাহে ফিফা ঘোষিত একাদশের গোলরক্ষক নির্বাচিত হয়েছেন তিনি। বিশ্বকাপে ‘চীনের মহাপ্রাচীরের’ মতো কেপ ভার্দের গোলপোস্ট আগলে নজর কেড়েছেন তিনি। যে স্পেনের বিপক্ষে কেপ ভার্দে ড্র করেছিল, সেই স্পেনই হয়েছে চ্যাম্পিয়ন। নিউজার্সিতে ১৯ জুলাই আর্জেন্টিনাকে ১-০ গোলে হারায় স্পেন।