আগেই সেমিফাইনালে পা দিয়ে রেখেছিল বাংলাদেশ। আজ লক্ষ্য ছিল শুধু টুর্নামেন্টের ফেভারিট হিসেবে নিজেদের প্রমাণ করা। সেই কাজটাই দারুণভাবে করে দেখিয়েছে টমাস ডুলির দল। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে গুঁড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। ফলে শেষ চারে পাকিস্তানের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।
এই জয়ে গ্রুপ পর্ব শেষে নিশ্চিত হয়ে গেল সাফের সেমিফাইনালের লাইনআপও। পূর্ণ ৬ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তান। আগামী ১৪ নভেম্বর বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় সেমিফাইনাল। উল্টোদিকে লঙ্কানদের ৪ গোলের এই বিশাল হারে বেজে গেল বিদায়ঘণ্টা। আর তাতে সবচেয়ে বড় লাভ হলো হোটেল রুমে বসে খেলা দেখতে থাকা ভুটানের। শ্রীলঙ্কার বড় ব্যবধানের পরাজয়ে মাত্র ১ পয়েন্ট ও গোল ব্যবধানে এগিয়ে থেকে নাটকীয়ভাবে ‘বি’ গ্রুপ রানার্সআপ হয়ে সেমিফাইনালে পৌঁছে গেল ভুটান। শেষ চারে তাদের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-এর চ্যাম্পিয়ন ভারত। সেমিফাইনালের প্রথম এই ম্যাচটি একই দিন বেলা ৩ টায় অনুষ্ঠিত হবে।
জাতীয় স্টেডিয়ামে আজ শুরু থেকেই লঙ্কানদের ওপর ছড়ি ঘোরাতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৮ মিনিটেই প্রথম গোলের দেখা মেলে। ডান প্রান্ত থেকে হামজার বাড়ানো এক ক্রস লঙ্কান গোলরক্ষক সুজন পেরেরা ফিস্ট করে ফেরালেও বিপদমুক্ত করতে পারেননি। ফাঁকায় বল পেয়ে যান শমিত সোম। প্রথম শট প্রতিহত হলেও দ্বিতীয় প্রচেষ্টায় ঠান্ডা মাথায় বল জালে জড়ান তিনি।
বিরতির ঠিক আগে, ৪৪ মিনিটে বাঁ দিক দিয়ে গতিতে লঙ্কান ডিফেন্ডারকে পরাস্ত করে বক্সে ঢুকে জোরাল শটে ব্যবধান ২–০ করেন স্বয়ং অধিনায়ক হামজা। বাংলাদেশের জার্সিতে এটি তাঁর পঞ্চম গোল।
বিরতি থেকে ফিরে ৫৩ মিনিটে দেখা মেলে রাতের সবচেয়ে নান্দনিক মুহূর্তের। শমিতের পাস থেকে বক্সের বাইরে বল পেয়েছিলেন ফারহান। এরপর বাঁ দিক দিয়ে ভেতরে ঢুকে চোখজুড়ানো ড্রিবলিংয়ে একে একে চারজন লঙ্কান ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান এই তরুণ উইঙ্গার। ম্যাচের ৮৭ মিনিটে শ্রীলঙ্কার কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন রাকিব হোসেন। দারুণ এক চিপে স্কোরলাইন ৪–০ করেন তিনি। গোটা ম্যাচে শ্রীলঙ্কা কোনো প্রতিরোধই গড়তে পারেনি।
এদিকে গ্রুপসেরা হতে ভারতের দরকার ছিল কেবল ১ পয়েন্ট। এমন ম্যাচে মালদ্বীপকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্টই তুলে নিল নওশাদ মুসার দল। এই জয়ে সাফে ‘বি’ গ্রুপের সেরা দল হয়ে সেমিফাইনাল নিশ্চিত করল দেশটি।
বুধবার পল্টনের জাতীয় স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে ভারত। ম্যাচের ৩৯তম মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন সুহাইল আহমেদ ভাট। এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারায় ভারত। মালদ্বীপ পাকিস্তানের কাছে ৩-০ গোলে হারে। শতভাগ ৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত আর তিন পয়েন্ট পেয়ে গ্রুপ রানার্সআপ পাকিস্তান।