রেফারির শেষ বাঁশি বাজা মাত্রই বাংলাদেশের ফুটবলারদের চোখে কান্না। স্তব্ধ পুরো জাতীয় স্টেডিয়াম ২১ বছর পর ফাইনাল খেলার যে সম্ভাবনা ছিল, সেটাও ধূলিসাৎ হয়ে যায়। ঘটনা এখানেই শেষ নয়। মুহূর্তেই জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে আগুন ধরে যায়।
পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সেমিফাইনালেই বাংলাদেশের বিদায়ঘণ্টা প্রায় নিশ্চিত। মুহূর্তেই বাংলাদেশ-পাকিস্তানের ফুটবলারদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। মাঠের ঘটনা মাঠে থেমে গেলেও দর্শকেরা যে গোল হজমের বিষয়টি মানতে পারেননি। ম্যাচের শেষ দিকে গোল হওয়ার পর দর্শকেরা ছুড়ে মারেন স্মোক ফ্লেয়ার। ২-৩ মিনিটের মতো খেলা বন্ধ ছিল।
আগুন লাগার পর হামজা গ্যালারির কাছে গিয়ে দর্শকদের অনুরোধ করেন যাতে দর্শকেরা এটা থামিয়ে দেন। পরে বাংলাদেশের তারকা ফুটবলারের অনুরোধ শোনেন দর্শকেরা। কিছুক্ষণ পরে খেলা আবার শুরু হয়। তবে ম্যাচ হারের পর গ্যালারিতে এক পাশে ব্যানার-প্লাকার্ডে আগুন ধরিয়ে দেন দর্শকেরা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।
আজ বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে লড়াই চলেছিল সমানে সমানে। তবে কখনো গোলপোস্ট, কখনোবা গোলরক্ষকের দৃঢ়তায় গোলবঞ্চিত হতে হয়েছে। মেহেদী হাসান শ্রাবণও ৮৫ মিনিট পর্যন্ত দারুণ কিছু সেভ করেছেন। কিন্তু আর বেশিক্ষণ বাংলাদেশের ত্রাতা হয়ে থাকতে পারেননি। আবদুল সামাদের পাস থেকে বক্সের বাঁ দিক থেকে আলী খানের ডান পায়ের শট ফিরিয়ে দেন শ্রাবণ। কিন্তু শ্রাবণই ভুল করে বসেন। থ্রো করে তিনি বল দেন খাট্টাকের কাছে। সেই খাট্টাক দারুণ এক পাস দেন সামাদের কাছে। বক্সের ডান দিকে পেয়ে বাঁ পায়ের নিচু শটে দূরের পোস্ট দিয়ে বল জালে পাঠান আবদুল সামাদ। গোলের পর যোগ করা সময়ে দর্শকদের স্মোক ফ্লেয়ারের খেলা বন্ধ ছিল মিনিট পাঁচেক। বাকি সময়টুকু আপ্রাণ চেষ্টা করেও আর সমতায় ফিরতে পারেনি বাংলাদেশ, শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে কান্নায় ভেঙে পড়েন স্বাগতিক ফুটবলাররা।
বাংলাদেশকে হারিয়ে আজ প্রথমবারের মতো সাফের ফাইনালে উঠেছে পাকিস্তান। ১৭ নভেম্বর শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান। আজ বিকেলে ভুটানকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত।