হোম > খেলা > ফুটবল

না ফেরার দেশে ইতালির অন্যতম সেরা ফুটবলার

ক্রীড়া ডেস্ক    

না ফেরার দেশে ইতালির সান্দ্রো মাজ্জোলা। ছবি: সংগৃহীত

ইতালির হয়ে ১৯৬৮ সালে জিতেছেন ইউরো। ইন্টার মিলানের জার্সিতে সিরি ‘আ’, চ্যাম্পিয়নস লিগও জিতেছেন। কথাটা সান্দ্রো মাজ্জোলা সম্পর্কেই বলা। গতকাল রাতে তিনি চলে গেছেন না ফেরার দেশে।

মৃত্যুর সময় মাজ্জোলার বয়স ছিল ৮৩ বছর। ইন্টার মিলান গতকাল সামাজিকমাধ্যমে এক পোস্টে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ইন্টার বলেছে, ‘শুধু ইন্টারেরই না, বরং ফুটবল ইতিহাসেই অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন মাজ্জোলা। ইন্টার ও তিনি ছিলেন একে অপরের পরিপূরক। শৈশবে এই ক্লাবে যোগ দেওয়ার পর আর কখনোই ইন্টার মিলান ত্যাগ করেনি।’

১৯৬০ থেকে ১৯৭৭ পর্যন্ত ক্লাব ফুটবল চালিয়ে গেছেন মাজ্জোলা। এই ১৭ বছর ইন্টার মিলানের হয়ে খেলেন। ১৭ বছরের ক্যারিয়ারে ইন্টারের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৫৮৭ ম্যাচ খেলেছেন। ১৬২ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ১৫ গোলে। ইন্টারের হয়ে চারবার সিরি ‘আ’য় চ্যাম্পিয়ন হয়েছেন। দুটি করে চ্যাম্পিয়নস লিগ ও ইন্টারকন্টিনেন্টাল কাপ জিতেছেন।

মাজ্জোলা যখন ১৯৬৩-৬৪, ১৯৬৪-৬৫ মৌসুমে টানা দুইবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন, তখন সেটার নাম ছিল ইউরোপিয়ান কাপ। আন্তর্জাতিক ফুটবলেও খেলেছেন ১১ বছর। ইতালির জার্সিতে ৭০ ম্যাচে ২২ গোল ও ৫ অ্যাসিস্ট করেছেন। ১৯৬৮ সালে জিতেছেন ইউরো। খেলেছিলেন বিশ্বকাপ ফাইনালেও। তবে ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিলের কাছে হেরে ইতালি হয়েছিল রানার্সআপ।

১৯৪২ সালের ৮ নভেম্বর জন্মেছিলেন মাজ্জোলা। তিনি ছিলেন ভ্যালেন্তিনো মাজ্জোলার সন্তান। ভ্যালেন্তিনো ছিলেন ‘গ্র্যান্দে তুরিনো’ ক্লাবের অধিনায়ক। ১৯৪৯ সালে ম্যাচ শেষে লিসবন থেকে ফেরার পথে বিমান দুর্ঘটনায় মারা যান। তখন তাঁর বয়স ছিল ৩০ বছর। সান্দ্রো মাজ্জোলা তখন সাড়ে ৬ বছরের শিশু। মৃত্যুর আগে তিনি ইতালি ও ইন্টার মিলানের হয়ে শিরোপা জিতেছিলেন।