হোম > খেলা > ফুটবল

মেসির পেনাল্টি মিস করা নিয়ে কী ভাবছেন ইংল্যান্ড গোলরক্ষক

ক্রীড়া ডেস্ক    

মেসির পেনাল্টি মিস করাকে গুরুত্ব দিচ্ছেন না ইংল্যান্ডের গোলরক্ষক। ছবি: সংগৃহীত

এবারের ফিফা বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি পেনাল্টি মিস করেছেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে আলোচনা চলছে ফুটবল মহলে। তবে ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডান পিকফোর্ডের মতে, এই পরিসংখ্যানকে বেশি গুরুত্ব দেওয়ার কোনো কারণ নেই।

গ্রুপপর্বে অস্ট্রিয়ার পর শেষ ষোলোতে মিসরের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। সেমিফাইনালের আগে ইংল্যান্ডের সংবাদ সম্মেলনে ওঠে এসেছিল সেই প্রসঙ্গ। আজকের পত্রিকার প্রতিবেদক পিকফোর্ডের কাছে জানতে চান, মেসির সাম্প্রতিক পেনাল্টি ব্যর্থতা কি ইংল্যান্ডের গোলরক্ষক হিসেবে তাঁকে বাড়তি আত্মবিশ্বাস দিচ্ছে? জবাবে পিকফোর্ড বলেন, ‘আমি জানি না, সে ক্যারিয়ারে মোট কতগুলো পেনাল্টি নিয়েছে। তবে নিয়মিত পেনাল্টি নেওয়া এমন কোনো খেলোয়াড় নেই, যার সফলতার হার শতভাগ।’

মেসির মতো অভিজ্ঞ ও বিশ্বমানের ফুটবলারের ক্ষেত্রে এসব পরিসংখ্যান খুব একটা প্রভাব ফেলবে না বলেই মনে করেন পিকফোর্ড, ‘মেসির মতো একজন খেলোয়াড়কে এমন পরিসংখ্যান বিচলিত করবে বলে আমি মনে করি না। সে স্বাভাবিকভাবেই এগিয়ে যাবে। আর যদি সেই মুহূর্ত (পেনাল্টি) আসে, তাহলে সেটা হবে আমার সঙ্গে তার লড়াই। তখন আমার দায়িত্ব হবে সঠিকভাবে ঝাঁপিয়ে পড়ে তার পেনাল্টি ঠেকানো।’

পরিসংখ্যান বলছে, বিশ্বকাপে নেওয়া আট পেনাল্টির মধ্যে চারটিতেই গোল করতে ব্যর্থ হয়েছেন মেসি। ক্লাব ও জাতীয় দলের হয়ে (টাইব্রেকার বাদ দিয়ে) মেসি ১৪৮টি পেনাল্টির মধ্যে সফল হয়েছেন ১১৪টিতে। তাঁর সাফল্যের হার ৭৭ শতাংশ। পেনাল্টি-স্পটই একমাত্র জায়গা, যেখানে ভিনগ্রহের প্রতিভাধর বলে মনে হওয়া মেসি হঠাৎ করেই খুব সাধারণ একজন ফুটবলারের মতো হয়ে পড়েন। তা-ই নয়, বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে আর কোনো খেলোয়াড় মেসির চেয়ে বেশি পেনাল্টি মিস করেননি।

দুটি পেনাল্টি মিস করলেও দুর্দান্ত ছন্দেই আছেন মেসি। চলতি বিশ্বকাপে ছয় ম্যাচে আট গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন ইতিহাসের সেরা ফুটবলারদের একজন। গোল্ডেন বুটের দৌড়ে তিনি কেবল কিলিয়ান এমবাপ্পের পেছনে। দশ নম্বর জার্সিধারীর প্রশংসায় পিকফোর্ড বলেন, ‘মেসি অসংখ্য গোল করেছে এবং অসংখ্য গোলে অবদান রেখেছে। ছোটবেলা থেকে তাকে দেখে বড় হয়েছি। এতদিন পর অবশেষে তার বিপক্ষে খেলার সুযোগ পাওয়া দারুণ ব্যাপার।’

তবে শুধু মেসি নয়, পুরো আর্জেন্টিনা দল নিয়েই সতর্ক পিকফোর্ড, ‘আমরা সবাই জানি মেসি কতটা ভালো। তবে এটাও জানি, আর্জেন্টিনা কতটা শক্তিশালী দল। তারা শুধু মেসির ওপর নির্ভর করে না। আমাদের তাদের অন্য শক্তিগুলোর দিকেও নজর দিতে হবে, আবার কোথায় দুর্বলতা আছে সেটাও কাজে লাগাতে হবে।’

ইংল্যান্ড ম্যাচের আগে সতর্ক আর্জেন্টিনা সরকার

সেমিফাইনালের আগে মেসির বিদায়ী বার্তা

মেসি সর্বকালের সেরা, তবে আমাদেরও সামর্থ্য আছে: ইংল্যান্ডের গোলরক্ষক

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন মুসলিম রেফারি

ফ্রান্সের ভয়ংকর আক্রমণের পরীক্ষা নেবে স্প্যানিশ ঐক্য

তবু ক্লান্তিতে অজুহাত খুঁজবে না আর্জেন্টিনা

সেমিফাইনালের আগে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

ইংল্যান্ডের বিপক্ষে নামলেই ইতিহাস গড়বেন মার্তিনেস

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনা কোচের পরিকল্পনা তাহলে এমন

আর্জেন্টিনা-ইংল্যান্ড লড়াইয়ের আগেই লাল কার্ড ঘিরে বিতর্কের ঝড়