হোম > খেলা > ফুটবল

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত সোম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

শমিত সোম। ছবি: বাফুফে

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠার পর বাংলাদেশের ফুটবল নিয়ে নতুন করে আশার সঞ্চার হয়েছিল। কিন্তু পাকিস্তানের কাছে হেরে সেই আশায় জল ঢেলেছে বাংলাদেশ। ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল থেকে বিদায়ের পর ফুটবলারদের কণ্ঠে হতাশা, চোখে জল। দলের এমন ব্যর্থতার দায় এড়িয়ে যাননি মিডফিল্ডার শমিত সোম। গুরুত্বপূর্ণ ম্যাচের জন্য ঠিকমতো প্রস্তুত না থাকার কথাও স্বীকার করেছেন তিনি, সেই সঙ্গে পাকিস্তানের পরিকল্পনার প্রশংসাও। আর মাঠে খেলা দেখতে এসে হতাশ হয়ে ফেরা সমর্থকদের কাছে চেয়েছেন ক্ষমা।

শনিবার রাতে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে সাফের ফাইনালে ওঠা হয়নি বাংলাদেশের। এ নিয়ে এশিয়ান কাপ বাছাই, আসিয়ান কাপের পর সাফ থেকেও খালি হাতে ফিরতে হলো দলকে। সমর্থকদের হতাশার কথা বলতে গিয়ে শমিত বলেন, ‘বাংলাদেশের জন্য, বিশেষ করে যেসব সমর্থক টাকা খরচ করে মাঠে খেলা দেখতে এসেছেন, তাঁদের জন্য আমাদের খুব খারাপ লাগছে। পুরো দলের পক্ষ থেকে—সব খেলোয়াড় ও স্টাফদের পক্ষ থেকে—তাঁদের সবার কাছে আমাদের ক্ষমা চাওয়া উচিত। এখন আমাদের ঘুরে দাঁড়াতে হবে। আগে এশিয়ান কাপ বাছাই, এরপর আসিয়ান কাপ আর এখন সাফ—সব মিলিয়ে আমাদের মন খারাপ। তবে নতুন বছরে আমাদের আবার উন্নতি করতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ের পর পাকিস্তানের বিপক্ষে এমন ছন্দপতনের কারণ কী? শমিতের ধারণা, আগের ম্যাচের বড় জয় থেকে তৈরি হওয়া আত্মবিশ্বাস কিছুটা আত্মতুষ্টিতে পরিণত হয়েছিল। পাশাপাশি পাকিস্তানের অভিজ্ঞতার কাছেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। শমিত বলেন, ‘শ্রীলঙ্কার বিপক্ষে আমরা খুব ভালো খেলেছিলাম বলে হয়তো সবাই একটু বেশি ভেবে ফেলেছিলাম যে ম্যাচটা সহজ হবে। কিন্তু পাকিস্তান একদম ভিন্ন কম্বিনেশন ও আলাদা ফরমেশনে খেলেছে। এ কারণে আমাদের জন্য বিষয়টা একটু অন্যরকম ছিল। কোনো অজুহাত দাঁড় করানো যায় না, তবে ওদের দলটা অনেক অভিজ্ঞ। ওদের দলে বড় খেলোয়াড় আছে, যারা সেমিফাইনাল বা প্লে-অফের মতো বড় ম্যাচ খেলে অভ্যস্ত। আমাদের বোধ হয় অতটা অভিজ্ঞতা ছিল না।’

ম্যাচে পাকিস্তানের গতি ও কৌশলের সঙ্গে তাল মেলাতে না পারার কথাও বলেছেন শমিত। ঘরের মাঠে আক্রমণাত্মক ফুটবল খেলার প্রত্যাশা থাকলেও পাকিস্তানের পরিকল্পনায় কয়েকবার চমকে গেছে বাংলাদেশ। তাঁর ভাষায়, ‘পুরো ম্যাচজুড়ে আমরা বোধ হয় ওদের গতির সঙ্গে তাল মেলাতে পারিনি। ম্যাচ মোটামুটি আমাদের নিয়ন্ত্রণেই ছিল, কিন্তু ওদের পরিকল্পনা বেশ শক্তিশালী ছিল। আমাদের কীভাবে আঘাত হানতে হবে, সেটা ওরা জানত এবং সে অনুযায়ী ভালো কৌশল সাজিয়েছিল। আমরা সেটার সঙ্গে মানিয়ে নিতে পারিনি, দুই-তিনবার বোধ হয় একটু অনভিজ্ঞতার পরিচয় দিয়েছি। ঘরের মাঠে খেলছি বলে হয়তো ভেবেছিলাম আমরাই আক্রমণাত্মক খেলব, কিন্তু ওরা এক-দুইবার আমাদের চমকে দিয়েছে।’

শুধু প্রতিপক্ষের কৌশল নয়, নিজেদের প্রস্তুতির ঘাটতির কথাও স্বীকার করেছেন শমিত। হারের পর সতীর্থদের ভেঙে পড়ার দৃশ্য তাঁকে কষ্ট দিয়েছে। তিনি বলেন, ‘তবে হ্যাঁ, এই ম্যাচের জন্য আমরা ঠিকমতো প্রস্তুত ছিলাম না। আমাদের খেলোয়াড়েরা ভীষণ কষ্ট পেয়েছে। আপনি যদি দেখেন, আমাদের সবাই কাঁদছে, সবার মন খারাপ। এটা দেখে খুব খারাপ লাগছে, কিন্তু আমাদের আবার ঘুরে দাঁড়াতে হবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সমর্থকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, পাকিস্তানের কাছে হারে তা পূরণ করতে না পারার আক্ষেপও আছে শমিতের। তবে এই হারেই সব শেষ হয়ে যায়নি, সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শমিতের শেষ কথা, ‘শ্রীলঙ্কা ম্যাচের পর সবার মধ্যে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল, আমরা সবাইকে অনুপ্রাণিত করতে পেরেছিলাম। কিন্তু এভাবে হেরে আমরা অনেক ওপর থেকে নিচে নেমে গেলাম। আমরা সবাই জানি, এই পারফরম্যান্স যথেষ্ট ভালো ছিল না। তবে ফুটবলে এমনটা হয়েই থাকে। বাংলাদেশের সব সমর্থকের কাছে আমি ক্ষমা চাইছি। আমরা অবশ্যই ঘুরে দাঁড়াব, আপনারা আমাদের ওপর থেকে আশা ছাড়বেন না।’