ফিফার সংস্কারের দাবিতে এবার একসঙ্গে সরব ইউরোপের চার শীর্ষ ফুটবল লিগ। ইংলিশ প্রিমিয়ার লিগ, স্পেনের লা লিগা, ইতালির সিরি ‘আ’ ও জার্মান বুন্দেসলিগা আজ যৌথ বিবৃতিতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের দাবি জানিয়েছে।
ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে তোলার পরিকল্পনা ঘিরে কয়েক মাস ধরে চলা বিতর্কের মধ্যেই এ দাবি সামনে এসেছে। প্রস্তাবিত প্রতিষ্ঠানটিতে বেসরকারি বিনিয়োগের সুযোগ রাখার কথা ছিল। ব্যাপক সমালোচনা ও বিরোধিতার পর জুলাইয়ে পরিকল্পনাটি স্থগিত করা হয়।
চার লিগ বলেছে, ফিফার শাসনব্যবস্থায় মৌলিক সংস্কার জরুরি। তাদের মতে, সংস্থাটির সাংগঠনিক ও সাংবিধানিক দায়িত্বের সীমারেখা আরও স্পষ্ট করতে হবে এবং শৃঙ্খলাজনিত বিষয়গুলো রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার নিশ্চয়তা দিতে হবে। এফএফই পরিকল্পনাকে তারা ফিফার ইতিহাসের অন্যতম বড় ক্ষমতার অপব্যবহারের ঘটনা হিসেবেও উল্লেখ করেছে।
শুধু ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে দায়ী না করে চার লিগ বলেছে, সমস্যাটি একজন ব্যক্তির চেয়েও বড়। তারা জাতীয় দল, লিগ, ক্লাব ও খেলোয়াড়দের প্রতিনিধিত্বকারী একটি স্থায়ী কাঠামো গঠনের প্রস্তাব দিয়েছে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সেটার কারণ, সম্ভাব্য প্রভাব ও সংশ্লিষ্টদের ওপর প্রভাবের স্বাধীন মূল্যায়ন প্রকাশেরও দাবি জানিয়েছে তারা।
সমালোচনার মুখে ইনফান্তিনো অবশ্য সংস্কারের উদ্যোগ নিয়েছেন। গত সোমবার ২১১ সদস্যদেশকে পাঠানো চিঠিতে তিনি ফিফার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে একটি স্বাধীন পর্যালোচনা এবং সদস্য ফেডারেশন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাঠামোবদ্ধ আলোচনার প্রস্তাব দেন। বিষয়টি আগামী ১৫ অক্টোবর ফিফা কাউন্সিলের বৈঠকে আলোচনায় আসার কথা।
তবে চার ইউরোপীয় লিগ বলছে, শুধু প্রক্রিয়াগত পরিবর্তন যথেষ্ট নয়। ফিফার নিয়ন্ত্রক ভূমিকা যেন তার বাণিজ্যিক কর্মকাণ্ডের সঙ্গে মিশে না যায়, সেটিও নিশ্চিত করতে হবে।