হোম > খেলা > ফুটবল

মেসির পর আর্জেন্টিনার আরেক ফুটবলারের ক্যারিয়ারও শেষের পথে

ক্রীড়া ডেস্ক    

সাবেক সতীর্থ মেসির সঙ্গে পারেদেস। ছবি: সংগৃহীত

লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের পর এবার আর্জেন্টিনা দলে নিজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছেন লিয়ান্দ্রো পারেদেস। বিশ্বকাপের ফাইনালের পর পাওয়া নিষেধাজ্ঞা এবং মেসির অবসরের সিদ্ধান্ত—সব মিলিয়ে দেশের হয়ে খেলা চালিয়ে যাওয়া তাঁর জন্য কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছেন এই অভিজ্ঞ মিডফিল্ডার।

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়েন পারেদেস। ওই ঘটনায় ফিফা তাঁকে ১০ ম্যাচের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ করে। ঘটনার সময় স্পেনের এরিক গার্সিয়ার গলা চেপে ধরেন পারেদেস। এরপর গাভিকে মাটিতে ফেলে দেওয়ার পাশাপাশি তাঁর মুখে আঘাত করতেও দেখা যায় এই তারকা ফুটবলারকে।

আন্তর্জাতিক ফুটবল নিয়ে নিজের ভাবনা জানাতে গিয়ে পারেদেস বলেন, ‘আর্জেন্টিনার হয়ে আমার খেলা চালিয়ে যাওয়াটা কঠিন হয়ে যাচ্ছে। নিষেধাজ্ঞার কারণেও, লিওর সিদ্ধান্তের কারণেও। সবকিছু আগের মতো চলতে থাকা কঠিন হবে।’

বোকা জুনিয়র্সের হয়ে খেলা পারেদেস এখনো এ বিষয়ে লিওনেল স্কালোনির সঙ্গে কথা বলেননি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আর্জেন্টিনার প্রধান কোচের সঙ্গে কথা বলতে চান তিনি, ‘কোচের সঙ্গে এ নিয়ে এখনো কথা বলিনি। তবে আমরা কথা বলব এবং আমি কী সিদ্ধান্ত নিই, সেটাই দেখা যাবে।’

সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন মেসি। আর্জেন্টিনার হয়ে সর্বস্ব উজাড় করে দেওয়ার পর তাঁর আর দেওয়ার কিছু নেই বলেই অবসরের সিদ্ধান্ত নিয়েছেন দেশটির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা এই ফুটবলার।

২০২২ কাতার বিশ্বকাপে মেসির নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। দেশের জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন এই ফরোয়ার্ড। দীর্ঘদিনের সতীর্থ মেসির বিদায় পারেদেসের জন্যও বড় ধাক্কা। আবেগঘন বার্তায় তিনি বলেন, ‘সে যা অর্জন করেছে, কখনো হাল না ছেড়ে দেওয়া এবং স্বপ্ন পূরণের পথ যে কঠিন—স্বপ্নকে তাড়া করতে হয় এবং শেষ পর্যন্ত তা বাস্তবেও রূপ নেয়, সেটা দেখিয়ে দেওয়ার কারণে লিওর উত্তরাধিকার চিরকাল বেঁচে থাকবে।’

বিশ্বকাপের শেষ দিকে মেসির সম্ভাব্য বিদায় নিয়ে সতীর্থদের মধ্যে আলোচনা হয়েছিল বলেও জানিয়েছেন পারেদেস। তবে বিশ্বকাপের ফাইনাল মেসির শেষ ম্যাচ হতে পারে জেনেও তাঁর বিদায়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না তাঁরা।

এই প্রসঙ্গে পারেদেস বলেন, ‘বিশ্বকাপের শেষ কয়েক দিনে আমরা কথা বলেছিলাম যে ফাইনালটিই সম্ভবত তার শেষ ম্যাচ হবে। কিন্তু তারপরও আমরা এর জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমাদের কাছে সে কী অর্থ বহন করে।’