যেকোনো প্রতিযোগিতায় দর্শকদের নজর থাকে তারকা খেলোয়াড়দের ওপর। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ মৌসুমের উয়েফা নেশনস লিগেও সবার চোখ থাকবে কিলিয়ান এমবাপ্পে, হ্যারি কেইন, ফেরান তোরেসদের ওপর। কিন্তু দর্শকদের আগ্রহ এবার শুধুই তাঁদের নিয়ে—এটাকেও পুরোপুরি সঠিক বলা ঠিক হবে না। এবারের নেশনস লিগের ডাগআউটেও যে তারকা কোচের সমাহার!
ক্লাব ফুটবলের অন্যতম সফল কোচ জিনেদিন জিদান ও ইয়ুর্গেন ক্লপের জাতীয় দলের কোচ হিসেবে এটিই প্রথম টুর্নামেন্ট। বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজেরও কোনো জাতীয় দলের কোচ হিসেবে এটাই প্রথম প্রতিযোগিতা।
বিশ্বকাপের পর বরাবরই জাতীয় দলগুলোয় কোচ বদলের ঢেউ দেখা যায়। সেই পরিবর্তনের ধারা এবার বেশ বড়। উত্তর আমেরিকায় হওয়া ২০২৬ বিশ্বকাপের পর ইউরোপের অন্তত ১০টি দেশ নতুন কোচ নিয়োগ দিয়েছে। তাঁদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম জিদান ও ক্লপ। ক্লাব ফুটবলে নিজেদের সাফল্য দেখিয়েই ফ্রান্স ও জার্মানির ডাগআউটে জায়গা করে নিয়েছেন জিদান ও ক্লপ। বিশ্বকাপের পর দিদিয়ের দেশমের চুক্তির মেয়াদ শেষ হলে জিদানকে কোচ হিসেবে নিয়োগ দেয় ফ্রান্স। ফ্রান্স ফুটবলের নীতিনির্ধারকেরা তো বটেই, দলের খেলোয়াড়েরাও চেয়েছিলেন জাতীয় দলের ডাগআউটের দায়িত্ব নিক জিদান। ফ্রান্স অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে তো পরশু বলেই দিলেন, জিদানের অধীনে খেলার বিষয়টি তাঁর কাছে ‘সিনেমার গল্পের মতো’ মনে হচ্ছে। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপজয়ী জিদান শুক্রবার তুরস্কের বিপক্ষে ফ্রান্সের হয়ে কোচ হিসেবে প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াবেন। তিন দিন পর বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে ঘরের মাঠে প্রথম ম্যাচ খেলবে জিদানের দল।
জার্মানিতেও নতুন কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে ঘিরে আগ্রহ তুঙ্গে। খেলোয়াড় হিসেবে জাতীয় দলে অভিষেক না হলেও বরুসিয়া ডর্টমুন্ড ও লিভারপুলের হয়ে কোচ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। রেড বুলের ক্রীড়া বিভাগের বৈশ্বিক পরিচালকের দায়িত্ব পালনের পর এবার প্রথমবার জার্মান জাতীয় দলের কোচ হয়েছেন ৫৯ বছর বয়সী ক্লপ। পথচ্যূত জার্মানির ফুটবলকে সঠিক ধারায় ফিরিয়ে আনার চ্যালেঞ্জ নিয়েই জাতীয় দলের কোচ হয়েছেন ক্লপ। দায়িত্ব নিয়েই তিনি বলেছেন, এটি তাঁর পেশাগত জীবনের ‘সর্বোচ্চ পর্যায়’। শুরুতেই নিজের আলাদা পরিকল্পনার ইঙ্গিতও দিয়েছেন তিনি। প্রথম ম্যাচগুলোর জন্য ৪৪ জন খেলোয়াড়কে দুটি দলে ভাগ করে ডেকেছেন তিনি। বৃহস্পতিবার আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে তাঁর প্রথম ম্যাচ। তিন দিন পর গ্রিসের বিপক্ষে খেলবে জার্মানি।
নতুন কোচদের তালিকায় আরও আছেন পর্তুগালের জর্জ জেসুস। নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালের হয়ে ওয়েলসের বিপক্ষে বৃহস্পতিবারই অভিষেক হবে তাঁর। নেদারল্যান্ডসের দায়িত্ব নিয়েছেন বার্সেলোনার সাবেক মিডফিল্ডার ও ২০১০ বিশ্বকাপজয়ী স্পেনের সদস্য জাভি হার্নান্দেজ। ইতালির দায়িত্বে ফিরেছেন ইউরো ২০২০ জেতানো রবার্তো মানচিনি।
বেলজিয়ামের নতুন কোচ মার্ক ফন বোমেল প্রথম ম্যাচে ইতালির মুখোমুখি হবেন। আর ক্রোয়েশিয়ার দায়িত্বে দ্বিতীয়বারের মতো ফিরেছেন স্লাভেন বিলিচ। ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত প্রথম মেয়াদে ক্রোয়েশিয়াকে সাফল্যের সঙ্গে সামলেছিলেন তিনি।
এদিকে স্পেনের বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপজয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে দায়িত্বেই থাকছেন। সোমবার তাঁর সঙ্গে ২০৩২ সাল পর্যন্ত চুক্তি বাড়িয়েছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন। নেশনস লিগের দ্বিতীয় শিরোপার লক্ষ্যে স্পেন শনিবার ওয়েম্বলিতে মুখোমুখি হবে ইংল্যান্ডের। এই ইংল্যান্ডের কোচ আবার ক্লাব ফুটবলের আরেক সফল কোচ টমাস টুখেল।
ক্লাব ফুটবল আর জাতীয় দলের বাস্তবতা সম্পূর্ণ আলাদা। জাতীয় দলে অনুশীলনের সময় কম, ট্যাকটিকস গেঁথে দেওয়ার সুযোগ সীমিত। তাই নিজেদের সেরা দর্শন নিয়ে আন্তর্জাতিক ফুটবলে তাঁরা কেমন করেন, সেটাই এখন দেখার বিষয়।