হোম > খেলা > ফুটবল

‘হামজা, আমি কেউ একা ম্যাচ জেতাতে পারব না’

ক্রীড়া ডেস্ক    

শ্রীলঙ্কার বিপক্ষে গোলের পর এমন উদযাপন করলেও হামজা চৌধুরীর হাসি দীর্ঘস্থায়ী হয়নি। ছবি: ফেসবুক

জাতীয় স্টেডিয়ামে আজ ফাইনালটা হতে পারত বাংলাদেশ-ভারত। ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে বসে থাকতেন, কখন হামজা চৌধূুরী-শমিত সোমরা মাঠে নামবেন। ২৩ বছর পর আরও একটা সাফ জয়ের পর উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন ফুটবলপ্রেমীরা। কিন্তু সেটা আর হলো কই। গত ১৪ নভেম্বর পাকিস্তানের কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় পুড়তে হয় বাংলাদেশকে।

পাকিস্তানের কাছে গত শনিবার সেমিফাইনালে ১-০ গোলে হারের পর হামজা-শুকি ইতোফুসাদের চোখ থেকে অঝোরে ঝড়তে থাকে পানি। তবে হারের ব্যবধান মাত্র এক গোলের হলেও বাংলাদেশকে সেই অর্থে খুঁজেই পাওয়া যায়নি। মেহেদী হাসান শ্রাবণ একের পর এক আক্রমণ সামলেছেন। তবে পাকিস্তানের রক্ষণদুর্গে বাংলাদেশের ফুটবলাররা সেভাবে আক্রমণ করতে পারেননি। হামজাকে একরকম বোতলবন্দী করে রেখেছিল পাকিস্তান।

শ্রীলঙ্কাকে গত ১১ নভেম্বর ৪-০ গোলে হারানোর পর সাফে বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। অধিনায়ক হামজার শুরুটা হয়েছিল মনে রাখার মতো। তাঁর অ্যাসিস্টে শমিত গোল করেছিলেন। এমনকি হামজাও গোল করেছিলেন। তবে পাকিস্তানের কাছে হারের পর শমিত মনে করেন, জিততে হলে দল হিসেবেই খেলতে হবে। ২৯ বছর বয়সী কানাডাপ্রবাসী মিডফিল্ডার বলেন, ‘কোচের সঙ্গে আমাদের কথা হয়েছে। কীভাবে উন্নতি করতে পারি, সেটা বের করার চেষ্টা করছিলাম। এটা দলীয় খেলা। হামজা এককভাবে ম্যাচ জেতাতে পারবে না। আমিও একা জেতাতে পারব না। এটা দলীয় খেলা।’

বাংলাদেশ-পাকিস্তান সেমিফাইনালে দর্শকেরা গ্যালারিতে স্মোক ফ্লেয়ার ছুড়ে মারেন। এমনকি হারের পর জাতীয় স্টেডিয়ামে ব্যানার-প্ল্যাকার্ডে আগুন ধরিয়ে দিয়েছেন দর্শকেরা। দীর্ঘ ২১ বছর পর সাফের ফাইনালে খেলার যে সুযোগ তৈরি হয়েছিল, সেটা হাতছাড়া হওয়ায় দর্শকদের আবেগ বিস্ফোরিত হয়ে। সুযোগ কাজে লাগাতে না পারার দুঃখে পুড়ছেন শমিতও। আজ তিনি বলেন, ‘মন খারাপের ব্যাপার আমরা বুঝতে পারি। আমরা খেলোয়াড় হিসেবে দুঃখিত যে জিততে পারিনি। এটা একটা ভালো সুযোগ ছিল। তবে আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভবিষ্যৎ অনেক ভালো।’

৮৫ মিনিটে মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল হজম করে সেমিতে পাকিস্তানের কাছে হেরে যায় বাংলাদেশ। হারের পর যেন ‘ভিলেনে’ পরিণত হন শ্রাবণ। সামাজিক মাধ্যমে এরপর ক্ষমাও চেয়েছেন। শমিত অবশ্য তা মনে করেন না। তিনি বলেন, ‘কারও এখানে দায় নেই। যখন আমরা ভালো করি, তখন নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের জন্য নয়। যখন আমরা খারাপ করি, তখন নির্দিষ্ট কোনো খেলোয়াড়ের কারণে নয়। এটাই ফুটবল।’

১৪ নভেম্বর দিনের প্রথম সেমিফাইনালে ভুটানকে ২-১ গোলে হারিয়ে সাফের ইতিহাসে রেকর্ড ১৪তম বারের মতো ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। আজ শিরোপা লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।