নতুন এক মাইলফলক গড়েছে ১৯৫৮ বিশ্বকাপের ফাইনালে কিংবদন্তি ফুটবলার পেলের পরা জার্সি। ব্রাজিলের প্রথম বিশ্বকাপ জয়ের সাক্ষী এই ঐতিহাসিক জার্সিটি বৃহস্পতিবার সথেবির নিলামে বিক্রি হয়েছে ৪৮ লাখ ৮০ হাজার মার্কিন ডলারে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৬০ কোটি ৪৭ লাখ টাকা।
এটি এখন পর্যন্ত পেলের কোনো স্মারকসামগ্রীর সর্বোচ্চ দামে বিক্রির রেকর্ড। এর আগে ২০২২ সালে তাঁর ১৯৫৮ সালের আলিফাবোলোগেট রুকি কার্ড (পিএসএ ৯ গ্রেড) ব্যক্তিগতভাবে ১৩ লাখ ৩০ হাজার ডলারে বিক্রি হয়েছিল, যা ছিল ফুটবলের ইতিহাসে প্রথম ১০ লাখ ডলারে বিক্রি হওয়া কার্ড।
১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালে স্বাগতিক সুইডেনকে ৫-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয় ব্রাজিল। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন মাত্র ১৭ বছর বয়সী পেলে। ৫৫তম ও ৯০তম মিনিটে তাঁর করা দুটি গোলই বিশ্ব ফুটবলে নতুন এক যুগের সূচনা করেছিল। এখনো বিশ্বকাপ ফাইনালে খেলা ও গোল করা সর্বকনিষ্ঠ ফুটবলারের রেকর্ডটি পেলের দখলে।
ম্যাচ শেষে জার্সিটি নিজের সতীর্থ দিদাকে উপহার দেন পেলে। পরে দিদা সেটি রিও ডি জেনেইরোর মিউজেউ দোস এসপোর্তেসে দান করেন। ২০০৪ সালে জাদুঘরটি ক্রিস্টিসের নিলামে জার্সিটি তোলে, যেখানে এটি বিক্রি হয়েছিল ১ লাখ ৫ হাজার ৬০০ ডলারে। এবার সথেবির নিলামে জার্সিটির সঙ্গে এসআইএ ফটো ম্যাচের পূর্ণাঙ্গ ফটো যাচাইকরণ নথিও যুক্ত ছিল, যা এর সত্যতা নিশ্চিত করেছে।
সথেবির ক্রীড়া কৌশল ও উন্নয়ন বিভাগের প্রধান ব্রেনডান হকস বলেন, ‘এই জার্সিটি শুধু ফুটবল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্তের স্থায়ী স্মারকই নয়, বরং এটি সেই মুহূর্তের সঙ্গে সরাসরি যুক্ত, যেখান থেকে পেলে বিশ্ব ক্রীড়াঙ্গনের আইকনে পরিণত হওয়ার যাত্রা শুরু করেছিলেন।’
হকস আরও যোগ করেন, ‘এই সপ্তাহান্তে বিশ্বকাপ ফাইনালের আগে, ছয় দশকেরও বেশি আগে যে ম্যাচে পেলে দুটি গোল করেছিলেন, সেই ম্যাচের জার্সিটি নিয়ে এত ব্যাপক আগ্রহ দেখা সত্যিই দারুণভাবে মানানসই।’