বিশ্বকাপের শেষ ষোলো পর্ব শেষে চূড়ান্ত হয়েছে কোয়ার্টার ফাইনালের আট দল। শিরোপার দৌড়ে টিকে আছে ইউরোপের ছয় দল, দক্ষিণ আমেরিকার একমাত্র প্রতিনিধি আর্জেন্টিনা এবং আফ্রিকার একমাত্র প্রতিনিধি মরক্কো।
শেষ আটের পর্দা উঠবে ৯ জুলাই বাংলাদেশ সময় রাত ২টায়। বোস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ও মরক্কো। শেষ ষোলোতে প্যারাগুয়েকে হারিয়েছে ফ্রান্স, আর কানাডাকে উড়িয়ে দিয়ে টানা দ্বিতীয় বিশ্বকাপের মতো শেষ আটে উঠেছে মরক্কো।
১০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও বেলজিয়াম। শেষ ষোলোতে চিরপ্রতিদ্বন্দ্বী পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে স্বাগতিক যুক্তরাষ্ট্রকে ৪–১ গোলে উড়িয়ে দিয়ে আত্মবিশ্বাস নিয়ে শেষ আটে পৌঁছেছে বেলজিয়াম।
১১ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টায় মায়ামি স্টেডিয়ামে হবে নরওয়ে ও ইংল্যান্ডের লড়াই। ব্রাজিলকে হারিয়ে চমক দেখিয়ে শেষ আটে উঠেছে নরওয়ে। মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড।।
সবশেষ কোয়ার্টার ফাইনাল হবে ১২ জুলাই বাংলাদেশ সময় সকাল ৭টায় কানসাস সিটি স্টেডিয়ামে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতিপক্ষ সুইজারল্যান্ড। মিসরের বিপক্ষে দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৩–২ ব্যবধানে জিতে শেষ আটে উঠেছে লিওনেল মেসির দল। গোলশূন্য ম্যাচের টাইব্রেকারে কলম্বিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে সুইজারল্যান্ড। ফলে সেমিফাইনালের টিকিটের জন্য আর্জেন্টিনাকে এবার ইউরোপের আরেক প্রতিপক্ষের বাধা পেরোতে হবে।