বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে রাতে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। তবে ম্যাচের আগে আয়োজক শহর আটালান্টায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস কিছুটা উদ্বেগ তৈরি করেছে। দিনজুড়ে ভারী বৃষ্টি, বজ্রপাত এবং আকস্মিক বন্যার কারণে কপালে চিন্তার ভাজ পড়েছে সমর্থকদের।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া পরিষেবা (এনডব্লিউএস) জানিয়েছে, জর্জিয়া অঙ্গরাজ্যে বুধবার বিকেল থেকে সন্ধ্যার মধ্যে বিচ্ছিন্নভাবে বজ্রসহ ঝড় আঘাত হানতে পারে। তাদের পূর্বাভাস অনুযায়ী, সবচেয়ে বড় ঝুঁকি বজ্রপাত এবং শহরের কয়েকটি এলাকায় আকস্মিক বন্যা।
এদিকে আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারও অস্থিতিশীল আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে। সংস্থাটির মতে, দিনের বিভিন্ন সময়ে রোদ, আংশিক মেঘলা আকাশ এবং আর্দ্রতা বৃদ্ধির কারণে দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তবে আবহাওয়ার এই প্রতিকূলতা ম্যাচ আয়োজনে প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে না—এমনটাই জানিয়েছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ও গ্লোবো। ম্যাচের ভেন্যু মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রয়েছে আধুনিক রিট্র্যাক্টেবল রুফ বা খোলা–বন্ধ করা যায় এমন ছাদ। ফলে বাইরে বৈরী আবহাওয়া থাকলেও মাঠের ভেতরের পরিবেশ স্বাভাবিক রাখা সম্ভব হবে। অর্থাৎ প্রকৃতির বাগড়ার মাঝেও নির্ধারিত সময়েই ম্যাচ শুরু হবে।
এর আগে প্রথম সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয়ে ফাইনালে পা রেখেছে স্পেন। আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের জয়ী দল ফাইনালে একবারের চ্যাম্পিয়নদের বিপক্ষে মাঠে নামবে। শিরোপা নির্ধারণী ম্যাচ হবে আগামী ১৯ জুলাই দিবাগত রাত ১টায়। ম্যাচটির ভেন্যু নিউইয়র্ক নিউজার্সির মেটলাইফ স্টেডিয়াম।