ফুটবল মাঠের উত্তেজনা ছড়িয়ে পড়েছিল গ্যালারিতেও। ঘুষাঘুষি, বোতল ও কাপ নিক্ষেপের ঘটনায় নিউইয়র্ক রেড বুলস ও ক্লাব আমেরিকার প্রীতি ম্যাচ পরিণত হয় রণক্ষেত্রে। সংঘর্ষের জেরে দুই দলের ছয় খেলোয়াড়কে দেখানো হয় লাল কার্ড।
ম্যাচের শেষ দিকে দুই দলের খেলোয়াড়েরা হাতাহাতিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে ক্লাব আমেরিকার দাগোবার্তো এসপিনোজাকে ঘুষি মারেন নিউইয়র্ক রেড বুলসের অ্যান্ডি রোহাস। এরপর সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো মাঠে। এক খেলোয়াড় প্রতিপক্ষকে ধাওয়া করে গোলপোস্টের পেছন পর্যন্ত চলে যান।
মাঠের এমন পরিস্থিতিতে গ্যালারির দর্শকেরাও উত্তেজিত হয়ে পড়েন। খেলোয়াড়দের লক্ষ্য করে কাপ ও বোতল ছুড়তে থাকেন তাঁরা। দুই দলের কোচ ও বদলি খেলোয়াড়েরা মাঠে নেমে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। শেষ পর্যন্ত খেলোয়াড়দের মাঠ ছাড়ার নির্দেশ দিলে পরিস্থিতি শান্ত হয়।
সংঘর্ষের ঘটনায় দুই দলই তিনজন করে খেলোয়াড় হারায়। নিউইয়র্ক রেড বুলসের নেহুয়েন বেনেদেত্তি, রোনাল্ড ডনকর ও অ্যান্ডি রোহাস লাল কার্ড দেখেন। ক্লাব আমেরিকার এমিলিও লারা, রামন হুয়ারেস ও দাগোবার্তো এসপিনোজাকেও মাঠ ছাড়তে হয়। ফলে দুই দলই আটজন নিয়ে ম্যাচ শেষ করে।
তবে মাঠের উত্তেজনা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারেনি। নেহুয়েন বেনেদেত্তির করা একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পায় নিউইয়র্ক রেড বুলস।
ম্যাচ শেষে এমন পরিস্থিতিকে ফুটবলের আবেগের অংশ হিসেবেই দেখেছেন রেড বুলস কোচ মাইকেল ব্র্যাডলি। তাঁর মতে, প্রীতি ম্যাচ হলেও খেলোয়াড়েরা মাঠে নামলে জয়ের জন্যই লড়াই করেন।
ব্র্যাডলি বলেন, ‘এটা ফুটবল। এখানে সব সময়ই আবেগ কাজ করে। মানুষ প্রায়ই বলে, ফুটবলে আসলে কোনো প্রকৃত প্রীতি ম্যাচ নেই। কিন্তু এর মানে কী?’
তিনি আরও বলেন, ‘রেফারির বাঁশি বাজার পর ম্যাচটি যে ধরনেরই হোক, এর নাম যা-ই হোক কিংবা প্রতিপক্ষ যে দলই হোক না কেন, একজন খেলোয়াড় ও প্রতিদ্বন্দ্বী হিসেবে আপনি যখন খেলার সুযোগ পাবেন, তখন ভালো খেলতে চাইবেন। প্রতিদ্বন্দ্বিতা করতে চাইবেন এবং জিততে চাইবেন।’
ক্লাব আমেরিকার প্রশংসা করে রেড বুলস কোচ বলেন, ‘ক্লাব আমেরিকা বড় একটি ক্লাব। তাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে। ম্যাচটি এবং রাতটি নিয়ে আমরা খুবই রোমাঞ্চিত ছিলাম। তাই ম্যাচের শেষে খেলোয়াড়দের মধ্যে কিছু আবেগের বহিঃপ্রকাশ ঘটেছে। কিছু কিছু রাতে এমনটা ফুটবলেরই অংশ।’
এদিকে ছয় লাল কার্ডের এই ঘটনা আলোচনায় আসার পর সামনে এসেছে ফুটবলে আরও বড় এক নজির। চলতি মাসের ৪ তারিখে ব্রাজিলের মিনাস জেরাইস রাজ্যের অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে উবেরল্যান্ডিয়া ও মামোরের ম্যাচে লাল কার্ড দেখেন ৫১ জন খেলোয়াড়।
মার্কার প্রতিবেদন অনুযায়ী, দুই দলের খেলোয়াড়দের মধ্যে ব্যাপক সংঘর্ষের জেরে ৫৪ মিনিটে ম্যাচ বন্ধ করে দেন রেফারিরা। মাঠের প্রায় সবাই সংঘর্ষে জড়িয়ে পড়ায় ম্যাচটি আর শেষ করা সম্ভব হয়নি।
এক ম্যাচে ৫১ জনের লাল কার্ড দেখার এই ঘটনা গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে থাকা আগের নজিরকেও ছাড়িয়ে যায়। ২০১১ সালে আর্জেন্টিনার একটি ম্যাচে ৩৬ জন খেলোয়াড় লাল কার্ড দেখেছিলেন। এত দিন সেটিই ছিল এক ম্যাচে সর্বোচ্চ লাল কার্ড দেখার রেকর্ড।