হোম > খেলা > ফুটবল

জিদানের অভিষেকে দুশ্চিন্তায় ফ্রান্স

ক্রীড়া ডেস্ক    

ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন এমবাপ্পে। ছবি: সংগৃহীত

ফ্রান্সের কোচ হিসেবে অভিষেকটা জয়ে রাঙালেন জিনেদিন জিদান। তবে রাতটি পুরোপুরি স্বস্তির হয়নি ফরাসিদের জন্য। তুরস্ককে ১-০ ব্যবধানে হারানোর ম্যাচে জয়সূচক গোল করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন কিলিয়ান এমবাপ্পে। নেশনস লিগে নিজেদের পরের তিন ম্যাচে এই তারকা ফরোয়ার্ডকে পাবে না ফ্রান্স।

ইজমিতের কোচায়েলি স্টেডিয়ামে ম্যাচের ৫৪তম মিনিটে মাইকেল ওলিসের পাস থেকে গোল করেন এমবাপ্পে। ফ্রান্সের হয়ে এটি তাঁর ৬৭তম গোল। গোল করার পরপরই বাঁ হাঁটুতে ব্যথা অনুভব করেন রিয়াল মাদ্রিদ তারকা।

চিকিৎসা নিয়ে কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও ফের মাটিতে বসে পড়েন এমবাপ্পে। শেষ পর্যন্ত ৫৮তম মিনিটে অধিনায়ককে তুলে দেজিরে দুএকে মাঠে নামান জিদান।

ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ) জানিয়েছে, এমবাপ্পের বাঁ হাঁটুর টেনডনে চোট লেগেছে। চিকিৎসার জন্য তিনি মাদ্রিদে ফিরবেন।

এমবাপ্পের চোট নিয়ে ম্যাচ শেষে জিদান বলেন, ‘না, এটা ভালো নয়। দুর্ভাগ্যজনকভাবে, এটা ভালো নয়। তাকে ফিরে যেতে হবে। আমরা কোনো ঝুঁকি নেব না। শট নেওয়ার সময় সে হাঁটু প্রসারিত করেছিল। বিষয়টি খুব একটা আশাব্যঞ্জক নয়।’

এমবাপ্পের চোট ফ্রান্সের জয়ের আনন্দ কিছুটা ম্লান করলেও জিদানের শুরুটা জয় দিয়েই হলো। ম্যাচে ফ্রান্সকে বেশ কয়েকবার বিপদ থেকে বাঁচান গোলরক্ষক মাইক মেইনিয়াঁ। তুরস্কের গোলরক্ষক উগুরজান চাকিরও প্রথমার্ধে ওলিসের একটি শট দারুণভাবে ঠেকান।

ম্যাচের ৮৭তম মিনিটে তুরস্ক ১০ জনের দলে পরিণত হয়। বক্সের বাইরে ব্র্যাডলি বারকোলার শট হাত দিয়ে ঠেকানোয় লাল কার্ড দেখেন চাকির। শেষ পর্যন্ত এমবাপ্পের একমাত্র গোলেই জয় নিশ্চিত করে ফ্রান্স।

মাত্র সাড়ে তিনটি অনুশীলন সেশন পাওয়ার পর দলকে জয় এনে দিতে পেরে সন্তুষ্ট জিদান। তবে এখন তাঁর সামনে বড় চিন্তা এমবাপ্পের চোট। আগামী সোমবার ব্রাসেলসে বেলজিয়ামের বিপক্ষে খেলবে ফ্রান্স। এরপর ২ অক্টোবর ইতালির বিপক্ষে এবং ৫ অক্টোবর আবার বেলজিয়ামের বিপক্ষে মাঠে নামবে তারা।