হোম > খেলা > ফুটবল

‘ভারতের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে’

ক্রীড়া ডেস্ক    

সংবাদ সম্মেলনে ব্রাজিলের প্রধান কোচ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আগামীকাল রাত ৮টায় কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ব্রাজিলকে আতিথেয়তা দেবে ভারত। তার আগে স্বাগতিক দলের প্রতি পূর্ণ সম্মান জানালেন সফরকারীদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্ব র‍্যাঙ্কিংয়ে পঞ্চম স্থানে থাকা ব্রাজিল ম্যাচটিতে ভিনিসিয়ুস জুনিয়রসহ তারকাসমৃদ্ধ দল নিয়ে নামবে। ১৩৮তম স্থানে থাকা ভারতের বিপক্ষে ব্রাজিলের সিনিয়র দলের এটিই প্রথম ম্যাচ। এর আগে পানামার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ভারত।

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে আনচেলত্তি বলেন, ‘আমরা ভারতীয় দলের মানের প্রতি সম্মান রাখি। তারা পানামার বিপক্ষে ভালো একটি ড্র করেছে। প্রতিপক্ষের প্রতি আমাদের পূর্ণ সম্মান রয়েছে।’

উরুর চোটের কারণে এই ম্যাচে রাফিনিয়াকে পাচ্ছে না ব্রাজিল। তবে দলে রয়েছেন পিএসজির অধিনায়ক মার্কিনিওস এবং আর্সেনালের গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গিমারায়েস।

অস্ট্রেলিয়ার বিপক্ষে সাম্প্রতিক দুই প্রীতি ম্যাচে একটি জয় ও একটি ড্র পেয়েছে ব্রাজিল। জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে হারের পর নতুন প্রজন্মের খেলোয়াড়দের নিয়ে দল গড়ার প্রক্রিয়ায় রয়েছে তারা।

আনচেলত্তি বলেন, ‘সত্যি যে আমরা বিশ্বকাপে যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। সময়টা আমাদের জন্য কঠিন ছিল। আগামী বছরগুলোতে সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এমন নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য এটি প্রেরণা।’

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে ম্যাচগুলোকে দলের প্রস্তুতির গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছেন আনচেলত্তি। তিনি বলেন, ‘অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এসব ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি এবং আমরা কী করতে পারি, সেটি দেখানোর ভালো সুযোগ।’

এদিকে ভারতে ব্রাজিলের বড় সমর্থকগোষ্ঠীও ম্যাচটির আগে বাড়তি অনুপ্রেরণা দিচ্ছে বলে জানিয়েছেন অধিনায়ক মার্কিনিওস, ‘ব্রাজিলের বাইরে ভারত এমন একটি দেশ, যেখানে আমাদের পুরো দলের জন্য সবচেয়ে বেশি সমর্থন ও ভক্ত রয়েছে।’

ম্যাচের আগে ভারতের কোচ খালিদ জামিলও চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি বলেন, ‘চাপ থাকবে, তবে আমাদের সেটা সামলাতে হবে এবং দায়িত্ব নিতে হবে। আপনি যদি নিজের সেরাটা দেন, তাহলে যেকোনো কিছুই ঘটতে পারে।’