আর্জেন্টিনার অধ্যায় শেষে ইন্টার মায়ামির অনুশীলনে ফিরেছেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর পর এবার তাঁর মনোযোগ মেজর লিগ সকারের (এমএলএস) নিয়মিত মৌসুমের বাকি ম্যাচগুলোতে। মায়ামিকে সরাসরি প্লে অফে নেওয়ার পর শিরোপার লড়াইয়ে দেখতে চান এই ফরোয়ার্ড।
গত বুধবার বুয়েনস এইরেসে বেনিনের বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে পেনাল্টি থেকে গোল করেন মেসি। সতীর্থদের দিয়ে করান আরও দুটি গোল। দেশের মাটিতে আবেগঘন বিদায়ের পর ৩৯ বছর বয়সী এই তারকা ফিরেছেন ক্লাব ফুটবলের ব্যস্ততায়।
চলতি এমএলএস মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন মেসি। ২১ গোল করে লিগের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন তিনি। ১৩টি অ্যাসিস্ট নিয়েও সবার ওপরে এই আর্জেন্টাইন মহাতারকা।
গোলের পাশাপাশি প্রতিপক্ষের গোলমুখে তাঁর আক্রমণাত্মক উপস্থিতিও উল্লেখযোগ্য। এখন পর্যন্ত ১৫০টি শট লক্ষ্যে রেখেছেন মেসি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মিলান ইলোস্কির লক্ষ্যে শট ১০৫টি। মেসির ব্যক্তিগত পারফরম্যান্স ইন্টার মায়ামির প্লে অফ অভিযানে বড় শক্তি হয়ে উঠেছে। মৌসুমের শেষ ভাগে এলএমটেন এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে ফ্লোরিডার ক্লাবটির জন্য ভালো করার সম্ভাবনা বাড়বে।
২৭ ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সের তৃতীয় স্থানে রয়েছে ইন্টার মায়ামি। দ্বিতীয় স্থানে থাকা নিউ ইংল্যান্ডের সঙ্গে পয়েন্ট সমান হলেও শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে ১৪ পয়েন্ট পিছিয়ে আছে দলটি।
নিয়মিত মৌসুমে বাকি সাত ম্যাচে সেরা সাতের মধ্যে থাকতে পারলে সরাসরি প্লে অফে জায়গা নিশ্চিত করবে মায়ামি। এতে ওয়াইল্ড কার্ড পর্ব এড়িয়ে তিন ম্যাচের সিরিজে খেলার সুযোগ পাবে দলটি। তাই শেষ ম্যাচগুলোতে পয়েন্ট হারানোর সুযোগ কম।
রবিবার নিজেদের মাঠ নু স্টেডিয়ামে ডিসি ইউনাইটেডের বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। প্লে অফে সরাসরি জায়গা নিশ্চিত করার লড়াইয়ে এই ম্যাচে পূর্ণ তিন পয়েন্ট পাওয়াই হবে দলের প্রধান লক্ষ্য।