হোম > খেলা > ফুটবল

জিদানের ছেলেরও বিশ্বকাপে খেলা নিয়ে সংশয়

ক্রীড়া ডেস্ক    

জিনেদিন জিদানের ছেলে লুকা জিদানের বিশ্বকাপে খেলা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপের সময় যতই ঘনিয়ে আসছে, ততই ফুটবলারদের নিয়ে শোনা যাচ্ছে একের পর এক দুঃসংবাদ। চিরশত্রু চোটে আক্রান্ত হয়ে অনেকের ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ই খেলা হচ্ছে না। কারও আবার বিশ্বকাপে খেলা নিয়েই সংশয়। ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান বিশ্বকাপে খেলতে পারবেন কি না, তা নিয়ে রয়েছে ঘোর অনিশ্চয়তা।

স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে ২০২৪ সাল থেকে গোলরক্ষক হিসেবে খেলছেন লুকা। এবার ক্লাবের এক ম্যাচ খেলতে গিয়ে এমন চোটে পড়েছেন, তাতে তাঁর আলজেরিয়ার হয়ে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলা নিয়েই জেগেছে সংশয়। চোয়াল ও থুতনিতে চিড় ধরা পড়েছে জিদানের ছেলের। গ্রানাদা এক বিবৃতিতে বলেছে, ‘আপাতত এই মৌসুমে লুকার আর খেলা হচ্ছে না। অস্ত্রোপচার করানো হলে দীর্ঘ সময় পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।’

আলমেরিয়ার বিপক্ষে পরশু চোটে পড়েছিলেন লুকা। আলমেরিয়ার স্ট্রাইকার থ্যালিসের সঙ্গে ভয়াবহ সংঘর্ষে অচেতন হয়ে পড়েন তিনি। এখন কী মেডিকেল প্রতিবেদন আসে, সেটাই দেখার অপেক্ষা।

জিদান ফ্রান্সের হয়ে বিশ্বকাপ ফুটবল খেলেছিলেন। ১৯৯৮ বিশ্বকাপে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু তাঁর ছেলে লুকা দাদা-দাদির দেশ আলজেরিয়াকে বেছে নেন। গত বছর আফ্রিকা কাপ অব নেশনসে তিনি খেলেছেন আলজেরিয়ার হয়েও।

ফ্রান্সের হুগো একিতিকে, জার্মানির সার্জ ন্যাব্রি, নেদারল্যান্ডসের জাভি সিমন্সদের মাঠে নামার আগেই শেষ হয়ে গেল বিশ্বকাপ। এদিকে লামিনে ইয়ামাল ২০২৫-২৬ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। যদিও বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। মিসরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে পারেন কি না, তা নিয়ে রয়েছে আশঙ্কা।

যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডার যৌথ আয়োজনে হতে যাওয়া বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ২৩তম আসর। মার্কিন মুলুকে হতে যাওয়া বিশ্বকাপে ‘জে’ গ্রুপে থাকা আলজেরিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা, জর্ডান ও অস্ট্রিয়া। ১৭ জুন আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আলজেরিয়া। ২৩ ও ২৮ জুন জর্ডান ও অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ দুই ম্যাচ খেলবে আলজেরিয়া।

আবাহনীর বিদায়, এলিমিনেটরে রহমতগঞ্জ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী কোচ এবার তাহলে রিয়াল মাদ্রিদের কোচ

পিএসজি-বায়ার্নের শেয়ানে শেয়ানে লড়াইয়ে জিতবে কে

ট্রাম্পকে দেওয়া শান্তি পুরস্কার কেড়ে নেওয়ার দাবি নরওয়ের

বিশ্বকাপের আগে গালের হাড় ভেঙে বিপাকে মদরিচ

মেসির সতীর্থ কি বার্সায় যোগ দেবেন

আইস হকির দেশে ফুটবলের জয়গান

বিশ্বকাপের আগে এমবাপ্পেকে নিয়ে দুশ্চিন্তায় ফ্রান্স

মালদ্বীপে চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশের কোচ মারুফুল হক

পেশাদার ফুটবলে প্রথমবার সিটি ক্লাব, চ্যাম্পিয়ন চট্টগ্রাম সিটি