হোম > খেলা > ফুটবল

‘বিশ্বকাপ জেতার মতো শক্তি নেই ব্রাজিলের’

ক্রীড়া ডেস্ক    

২০০২ সালের পর আর বিশ্বকাপ জেতেনি সেলেসাওরা। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ জয়ের মতো শক্তিশালী দল এখন ব্রাজিলের নেই বলে মনে করেন দেশটির কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, প্রতিভার পাশাপাশি দলীয় ঐক্য ও সংগঠিত ফুটবলের অভাবও ভোগাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

গ্যারি নেভিল ও জেমি ক্যারাঘারের সঙ্গে স্টিক টু ফুটবল পডকাস্টে ব্রাজিলের বর্তমান অবস্থা নিয়ে কথা বলেন রোনালদো। সেখানে তিনি ইউরোপীয় ফুটবলের সঙ্গে ব্রাজিলের পার্থক্য তুলে ধরেন।

রোনালদোর মতে, একসময় নিজেদের প্রতিভার ওপর ভর করেই ব্রাজিলের ফুটবলাররা আত্মবিশ্বাসী থাকতেন। কিন্তু সময়ের সঙ্গে ইউরোপের দলগুলো শারীরিক সক্ষমতা, গতি ও কৌশলগত দিক থেকে অনেক এগিয়ে গেছে।

রোনালদো বলেন, ‘আমার মনে হয়, আমরা ইউরোপীয় খেলোয়াড়দের অনুকরণ করছি। আগে শুধুমাত্র নিজেদের প্রতিভার ওপর ভর করেই আমাদের দেশে সব সময় খুব আত্মবিশ্বাস ছিল। কিন্তু এখন ইউরোপীয়রা বেশি শক্তিশালী, দ্রুতগতির, আরও সংগঠিত এবং ভালো খেলছে।’

ব্রাজিলের বর্তমান দল নিয়ে নিজের হতাশার কথাও স্পষ্টভাবে জানিয়েছেন রোনালদো। সাবেক এই স্ট্রাইকারের মতে, শুধু ব্যক্তিগত প্রতিভা দিয়ে বিশ্বকাপ জেতা সম্ভব নয়। এর জন্য প্রয়োজন শক্তিশালী দল ও খেলোয়াড়দের মধ্যে ঐক্য।

রোনালদো বলেন, ‘বিশ্বকাপ জেতার মতো শক্তিশালী দল ব্রাজিলের নেই। আমরা যথেষ্ট শক্তিশালী নই, আমাদের মধ্যে ঐক্যও নেই।’

আর্জেন্টিনার প্রসঙ্গ টেনেও ব্রাজিলের অবস্থার সঙ্গে তুলনা করেছেন রোনালদো। চিরপ্রতিদ্বন্দ্বীদের লড়াকু মানসিকতা সেলেসাওদের জন্য কষ্টের বলেও মন্তব্য করেন তিনি। তাঁর মতে, আর্জেন্টিনার খেলোয়াড়দের মধ্যে যে লড়াই করার মানসিকতা দেখা যায়, ব্রাজিলের বর্তমান দলে সেই ঐক্য ও দৃঢ়তার অভাব রয়েছে।