হোম > খেলা > ফুটবল

মেসির ১০ নম্বর জার্সি পরতে চান মার্তিনেস

ক্রীড়া ডেস্ক    

মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন লাউতারো মার্তিনেস। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ফুটবল থেকে গত মাসেই অবসর নিয়েছেন লিওনেল মেসি। তবে তাঁর বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের ১০ নম্বর জার্সি কার গায়ে উঠবে, তা নিয়ে চলছে আলোচনা। ঐতিহাসিক এই জার্সির নতুন উত্তরাধিকারী এখনো ঠিক করতে পারেনি আর্জেন্টিনা। এবার সেই জার্সি পরার আগ্রহ প্রকাশ করেছেন দেশটির আরেক তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেস।

জেনোয়ার বিপক্ষে ইন্টার মিলানের ৪-০ গোলের জয়ের পর সংবাদ সম্মেলনে মার্তিনেসকে প্রশ্ন করা হয়েছিল, জাতীয় দলে মেসির জার্সি পরতে চান কি না। মেসির ছেড়ে যাওয়া ১০ নম্বর জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন দেখছেন মার্তিনেস। জবাবে ইন্টার মিলানের অধিনায়ক বলেন, ‘জানি না... তবে এটি বিশেষ একটি নম্বর, আর্জেন্টিনার জন্য যার গুরুত্ব অনেক। দিয়েগো (মারাদোনা) এই জার্সি পরেছেন, এরপর সেটি ছিল লিওর। আমার কাছে সে ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়। তাঁর সঙ্গে অনেক সুন্দর মুহূর্ত কাটিয়েছি।’

জাতীয় দলে কে ১০ নম্বর জার্সি পরবেন, তা এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে মার্তিনেস বলেন, ‘আমরা এখনো কিছু জানি না। মার্চে পরবর্তী আন্তর্জাতিক বিরতির সময় দেখা যাবে, কেউ এই জার্সি পরে কি না। এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না। তবে আমি খুবই আগ্রহী।’

ইন্টার মিলানেও ১০ নম্বর জার্সি পরেন লাউতারো। জাতীয় দলেও একই নম্বর পাওয়ার আগ্রহ তাঁর। লিওনেল স্কালোনির অধীনে আর্জেন্টিনার হয়ে গোলসংগ্রাহকদের তালিকায় মেসির পরই দ্বিতীয় স্থানে রয়েছেন এই স্ট্রাইকার। আলবিসেলেস্তেদের জার্সিতে তাঁর গোল ৪২টি। জিতেছেন একটি বিশ্বকাপ, দুটি কোপা আমেরিকা ও ফিনালিসিমার শিরোপা। এই সব শিরোপা জয় তিনি উদযাপন করেছেন আর্জেন্টাইন তারকা মেসির সঙ্গে।