দলবদল নিয়ে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে টানাপোড়েনের পর এবার দীর্ঘদিনের এজেন্ট ফার্নান্দো ইদালগোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন হুলিয়ান আলভারেস। নতুন এজেন্ট খুঁজছেন এই ফরোয়ার্ড। প্রতিবেদনে এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
সবশেষ গ্রীষ্মকালীন দলবদলে বার্সেলোনায় যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করে আলোচনায় এসেছিলেন আলভারেস। তাঁকে দলে নিতে আগ্রহী ছিল কাতালান ক্লাবটি। তবে আতলেতিকো নিজেদের অবস্থানে অনড় থাকায় শেষ পর্যন্ত সেই দলবদল আর সম্পন্ন হয়নি।
২০২৬ বিশ্বকাপে অস্ট্রিয়ার বিপক্ষে জয়ের পর নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে ক্লাব ছাড়ার ইঙ্গিত দিয়েছিলেন আলভারেস। তিনি বলেছিলেন, ‘সবার জন্যই সবচেয়ে ভালো হবে যদি আমি অন্য কোনো ক্লাবে চলে যাই।’ তাঁর এই মন্তব্য ভালোভাবে নেয়নি আতলেতিকো কর্তৃপক্ষ।
বার্সার আগ্রহ সত্ত্বেও আলভারেসকে ছাড়তে রাজি হয়নি আতলেতিকো। ক্লাবটি তাঁর চুক্তিতে থাকা ৫০ কোটি ইউরোর রিলিজ ক্লজের বিষয়েও অনড় ছিল। ফলে শেষ পর্যন্ত মাদ্রিদের ক্লাবটিতেই থেকে যেতে হয় আর্জেন্টাইন তারকাকে।
এদিকে আলভারেসের ঘনিষ্ঠ মহলের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন আতলেতিকোর প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল আনহেল হিল মারিন। গত আগস্টে মুভিস্টারকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘কিছু মানুষ তাকে বিভ্রান্ত করেছে এবং ভুল বুঝিয়েছে। এ জন্য দায়ী ব্যক্তিরাও রয়েছেন।’
দলবদল ঘিরে সৃষ্ট বিরোধের পর এবার এজেন্ট পরিবর্তনের সিদ্ধান্ত নিলেন আলভারেস। নতুন প্রতিনিধি নিয়োগের মাধ্যমে নিজের ক্যারিয়ারের পরবর্তী পদক্ষেপগুলো কীভাবে সামলাবেন, সেটা সময়ই বলে দেবে।