হোম > খেলা > ফুটবল

ফাইনালে বাংলাদেশ উঠলে কী করবে ভারত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ভুটানকে হারিয়ে ফাইনালে উঠেছে ভারত। ছবি: সাফ

সেমিফাইনালে ভুটানের বাধা পেরিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। শিরোপা নির্ধারণী ম্যাচে প্রতিপক্ষ হিসেবে কাকে চান, এমন প্রশ্নে সরাসরি কারও নাম বলেননি ভারতের প্রধান কোচ নওশাদ মুসা। তবে স্বাগতিক বাংলাদেশ ফাইনালে উঠলে নিজেদের খেলার ধরন ও কৌশলে পরিবর্তন আনার ইঙ্গিত দিয়ে রেখেছেন তিনি।

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের সাংবাদিকদের সামনে স্বাগতিকদেরই ‘ফেবারিট’ হিসেবে মেনে নেন নওশাদ। তবে নির্দিষ্ট দিনের পারফরম্যান্সকেই বড় করে দেখছেন তিনি। ভারতের কোচ বলেন, ‘আপাতত নিশ্চিতভাবেই আপনারা বাংলাদেশকে ফেবারিট মনে করছেন। কে জানে, আমি হয়তো কৌশলে কিছু পরিবর্তন আনব। অথবা আমার খেলোয়াড়েরা দ্বিতীয়ার্ধে আরও ভালো খেলবে।’

টুর্নামেন্টে এখন পর্যন্ত খেলা তিনটি ম্যাচেই প্রথমার্ধে দাপট দেখিয়ে দ্বিতীয়ার্ধে ছন্দ হারিয়েছে ভারত। গ্রুপ পর্বে পাকিস্তানের বিপক্ষে ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ দিকে দুই গোল হজম করেছিল তারা। ভুটানের বিপক্ষেও দ্বিতীয়ার্ধে প্রবল চাপে পড়েছিল দলটি। পাশাপাশি ফরোয়ার্ডদের সহজ সুযোগ হাতছাড়া করার প্রবণতাও ভাবাচ্ছে তাঁকে। ফাইনালে বাংলাদেশের মতো প্রতিপক্ষের সামনে এমন ভুল যে বিপদ ডেকে আনতে পারে, তা ভালোই জানেন নওশাদ।

ফাইনালে বাংলাদেশ নাকি পাকিস্তান—কোন দলকে প্রতিপক্ষ হিসেবে চান, এমন প্রশ্নের জবাবে নওশাদ বলেন, ‘যে কোনো দলই হোক না কেন, আমি যে কোনো দলের বিপক্ষেই খেলতে ভালোবাসব। আমি এভাবে বেছে নিতে পারি না যে ‘আমি পাকিস্তানকে চাই’ বা ‘আমি অমুককে চাই’। আসল কথা হলো আমি ফুটবল খেলতে ভালোবাসি। প্রতিপক্ষ বাংলাদেশও হতে পারে, আবার পাকিস্তানও হতে পারে।’