হোম > খেলা > ফুটবল

পরীক্ষায় পাস করতে পারবে তো লিভারপুল

ক্রীড়া ডেস্ক    

দ্বিতীয় লেগের আগে অনুশীলনে লিভারপুলের ফুটবলাররা। ছবি: সংগৃহীত

প্রথম লেগে পিছিয়ে পড়াটাই যেকোনো দলের জন্য একটা চাপ। সেই চাপটা আছে লিভারপুলের ওপরও। উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে তুর্কি ক্লাব গ্যালাতাসারাইয়ের মাঠে গিয়ে হেরে এসেছে আর্নে স্লটের দল। তাই দ্বিতীয় লেগে ‘জিততেই হবে’ এমন চাপ নিয়ে খেলতে নামবে অলরেডরা।

এই চাপের মধ্যেও লিভারপুলের স্বস্তি, তারা ম্যাচটি খেলবে ঘরের মাঠ অ্যানফিল্ডে। প্রথম লেগে ০-১ গোলে হারায় আজ তাদের জিততে হবে ন্যূনতম ২-০ ব্যবধানে। ইংলিশ প্রিমিয়ার লিগে এই মৌসুম বেশি অধারাবাহিক লিভারপুল আজ কী করবে তা সময়ই বলবে। তবে পরিসংখ্যান তাদেরই কোয়ার্টার ফাইনালের হাতছানি দিয়ে ডাকছে। ইউরোপীয় প্রতিযোগিতায় প্রথম লেগে, অ্যাওয়ে ম্যাচে ১-০ ব্যবধানে হারার পর ১৩ বারের মধ্যে ৯ বারই লিভারপুল সফলভাবে পরের পর্বে উত্তীর্ণ হয়েছে। অ্যানফিল্ডে তাদের রেকর্ডও বেশ শক্তিশালী; শেষ ১৯টি উয়েফা ম্যাচের মধ্যে ১৫টিতেই জিতেছে তারা। এ ছাড়া তুর্কি দলগুলোর বিপক্ষে ঘরের মাঠে রেডসদের আধিপত্যও অবিসংবাদিত, শেষ ৬টি লড়াইয়ের ৫টিতেই তারা জিতেছে এবং এই ম্যাচগুলোতে কোনো গোল হজম করেনি।

তবে গ্যালাতাসারাইও পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে। তুর্কি ক্লাবটি ২০১৩ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠার খুব কাছে দাঁড়িয়ে। যদিও ইংল্যান্ডের মাটিতে তাদের অতীত রেকর্ড খুব একটা ভালো নয়। ১২টি সফরের মধ্যে জয় মাত্র ১টিতে।

ইংলিশ প্রিমিয়ার লিগে রোববার টটেনহামের সঙ্গে ১-১ ড্রয়ের হতাশাজনক পারফরম্যান্সের পর আর্নে স্লট তাঁর একাদশে রদবদল করতে পারেন। সপ্তাহান্তে বিশ্রামে থাকার পর মোহামেদ সালাহ, হুগো একিতিকে, ইব্রাহিমা কোনাতে—তিনজনই মূল একাদশে ফিরবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ক্লাব রেকর্ড সাইনিং আলেকজান্ডার ইসাকসহ ওয়াতারু এন্দো, কনর ব্র্যাডলি ও জিওভানি লিওনিকে এই ম্যাচে পাচ্ছে না রেডসরা।

চলতি মৌসুমে এই প্রতিযোগিতায় ক্লাবের সর্বোচ্চ গোলদাতা ডমিনিক সোবোসলাই ‘নম্বর ১০’-এর ভূমিকায় খেলবেন, যাকে দুপাশ থেকে সাহায্য করবেন ফ্লোরিয়ান উইর্টজ ও সালাহ।

ইস্তাম্বুল বাসাকসেহিরের বিপক্ষে ঘরোয়া লিগে ৩-০ ব্যবধানের বড় জয় নিয়ে ফুরফুরে মেজাজে আছে গ্যালাতাসারাই। এই জয়ের ফলে তুর্কি সুপার লিগের শীর্ষে তাদের ব্যবধান এখন ৭ পয়েন্ট। তবে সাসপেনশনে থাকা মূল ডিফেন্ডার ডেভিনসন সানচেজকে ছাড়াই মাঠে নামবে গ্যালাতাসারাই। রক্ষণে তাঁর জায়গায় আব্দুলকেরিম বারদাকচি ও ইসমাইল জ্যাকবসকে দেখা যেতে পারে। সবার চোখ থাকবে ভিক্টর ওসিমহেনের ওপর। এই নাইজেরিয়ান স্ট্রাইকার বর্তমানে দুর্দান্ত ফর্মে আছেন; এই মৌসুমে ১৯টি গোল করেছেন, যার মধ্যে ৭টিই চ্যাম্পিয়নস লিগে। তাঁর সঙ্গে আক্রমণভাগে থাকছেন বারিশ আলপার ইলমাজ ও নোয়া ল্যাং।

শেষ চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতলেও আর্নে স্লট বেশ আত্মবিশ্বাসী। ম্যাচের আগে বললেন, ‘আমি ১০০% নিশ্চিত যে আমরা আরও ভালো করতে পারব।’ তুরস্কের মাঠে তাঁর খেলোয়াড়েরা যে প্রতিকূল ও উত্তপ্ত পরিস্থিতির মুখোমুখি হয়েছিল, স্লটের আশা অ্যানফিল্ডের দর্শকেরা প্রতিপক্ষের জন্য ঠিক তেমন পরিবেশ তৈরি করবেন।

চ্যাম্পিয়নস লিগের অন্য ম্যাচে আজ বার্সেলোনা ঘরের মাঠে নিউক্যাসলের, বায়ার্ন আতালান্তার এবং টটেনহাম আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে।

কেন কান্নার ‘অভিনয়’ করলেন ভিনি

বিশ্বকাপ সামনে রেখে ফিফা-ইউটিউবের ঐতিহাসিক চুক্তি

সেনেগালের শিরোপা পেল মরক্কো, ফুটবল দুনিয়ায় তোলপাড়

রিয়াল পেরেছে, বার্সা পারবে তো

আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল, চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়ে গার্দিওলা

সিঙ্গাপুরকে হারিয়ে সমর্থকদের ঈদের আনন্দ বাড়াতে চায় বাংলাদেশ

আমি আর চুপ করে থাকতে পারছি না: নেইমার

ফিফার সঙ্গে আলোচনা করে বিশ্বকাপের ভেন্যু বদলাচ্ছে ইরান

আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা গোলরক্ষকের অবসর

রিয়ালের বিপক্ষে অলৌকিক কিছুর আশায় সিটি