লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ ম্যাচ ঘিরে যখন উৎসবের প্রস্তুতি চলছে, তখনই সামনে এসেছে নতুন বিতর্ক। বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে আফ্রিকার দলটি ভ্রমণ ও আবাসন নিয়ে একাধিক সমস্যার মুখে পড়েছে।
বুয়েনস এইরেসের মনুমেন্টাল স্টেডিয়ামে আগামীকাল ভোরে শেষবারের মতো আর্জেন্টিনার জার্সি গায়ে মাঠে নামবেন মেসি। ৩৯ বছর বয়সী এই তারকা আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। তাই এলএমটেনের বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
মেসির বিদায়ের এই বিশেষ ম্যাচের আগে বেনিনের অভিজ্ঞতা সুখকর ছিল না। আফ্রিকার দলটি দীর্ঘ ২৫ ঘণ্টার ভ্রমণ শেষে আর্জেন্টিনায় পৌঁছায়। এই যাত্রার ধকল সামলাতে গিয়ে দলের ভিডিও বিশ্লেষক কয়েক মিনিটের জন্য জ্ঞান হারান বলে প্রতিবেদন প্রকাশ করেছে বেনিনের সংবাদমাধ্যম।
আর্জেন্টিনায় পৌঁছানোর পরও সমস্যার শেষ হয়নি। বেনিন দলের হোটেলের একটি তলায় গরম পানির ব্যবস্থা ছিল না। তাদের জন্য থাকা জিমেও পেশাদার অনুশীলনের উপযোগী পর্যাপ্ত সরঞ্জাম ছিল না। সনাও কাজ করছিল না। অনুশীলন করতে হয়েছে কৃত্রিম টার্ফের মাঠে।
ভ্রমণজনিত জটিলতায় বেনিনের তিন খেলোয়াড়ও দলের সঙ্গে সময়মতো যোগ দিতে পারেননি। এরা হলেন জুনিয়র ওলাইটান, চার্লেমেন আজোংনিতোদে ও সাইদ এনগোবি।
বেনিনের এসব সমস্যার খবর প্রকাশের পর আর্জেন্টিনার আয়োজন নিয়ে প্রশ্ন উঠেছে। কারণ কয়েক দিন আগেই বুরকিনা ফাসোর বিপক্ষে ম্যাচ ঘিরেও একই ধরনের লজিস্টিক জটিলতা সামনে এসেছিল।
বুরকিনা ফাসোর খেলোয়াড়েরা ম্যাচ শুরুর মাত্র তিন ঘণ্টা আগে আর্জেন্টিনায় পৌঁছেছিলেন। ভ্রমণ ব্যবস্থাপনার কারণে দলটি পরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ম্যাচটি জেতে ৭-০ গোলে। তাই সেই ম্যাচ নিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়।
বেনিনের ক্ষেত্রে অবশ্য পরে পরিস্থিতির উন্নতি হয়েছে। গরম পানির ব্যবস্থা ঠিক করা হয়েছে এবং প্রয়োজনীয় সরঞ্জামও পৌঁছেছে। তারা অনুশীলনও শুরু করেছে। বেনিনের পক্ষ থেকে পরে জানানো হয়েছে, প্রাথমিক জটিলতা কাটিয়ে এখন প্রস্তুতি স্বাভাবিকভাবেই চলছে।
তারপরও মেসির বিদায়ী ম্যাচের আগে পরপর দুই আফ্রিকান দলের সঙ্গে এমন পরিস্থিতি আর্জেন্টিনার আয়োজন নিয়ে অস্বস্তি তৈরি করেছে। মাঠের ফলাফলের চেয়ে এবার তাই ম্যাচের বাইরের ঘটনাগুলোও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে।