হোম > খেলা > ফুটবল

ইতিহাস কথা বলছে ব্রাজিলের হয়েই

ক্রীড়া ডেস্ক    

হাইতির বিপক্ষে গোলের পর ব্রাজিলের ফুটবলারদের উদযাপন। ম্যাচটা শেষ পর্যন্ত ৩-০ ব্যবধানে জিতেছিল সেলেসাওরা। এবার তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ফাইল ছবি

বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের সামনে কঠিন এক পরীক্ষা অপেক্ষা করছে। নকআউট পর্বে ওঠার স্বপ্ন বাঁচিয়ে রাখতে তাদের প্রয়োজন জয়। কিন্তু প্রতিপক্ষ ব্রাজিল হওয়ায় সেই পথ কঠিন হয়ে গেছে। কারণ, দুই দলের মুখোমুখি লড়াইয়ের ইতিহাস প্রায় পুরোপুরি সেলেসাওদের দখলে।

মায়ামির হার্ডরক স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচের আগে পরিসংখ্যান বলছে, ব্রাজিলের বিপক্ষে এখনো জয়ের দেখা পায়নি স্কটল্যান্ড। দুই দল এ পর্যন্ত ১০ বার মুখোমুখি হয়েছে। ৮টিতে জিতেছে ব্রাজিল, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। স্কটিশদের জয়ের ঘর এখনো ফাঁকা। বিশ্বকাপের মঞ্চেও ব্রাজিলের পরিসংখ্যান দারুণ। এর আগে চারবার বিশ্বকাপে দেখা হয়েছে দুই দলের। ১৯৭৪ সালে বিশ্বকাপে দুই দলের প্রথম সাক্ষাতে কেউ জেতেনি। পরের তিন ম্যাচে ব্রাজিল ছিল অপ্রতিরোধ্য। ১৯৮২ বিশ্বকাপে ৪-১, ১৯৯০ সালে ১-০ এবং ১৯৯৮ সালে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় লাতিন আমেরিকার শীর্ষ দলটি।

শুধু ফল নয়, গোলের হিসাবও ব্রাজিলের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়। ১০ ম্যাচে স্কটল্যান্ডের জালে ১৬ বার বল জড়িয়েছে সেলেসাওরা। বিপরীতে ব্রাজিলের বিপক্ষে স্কটিশদের গোল মাত্র ৩টি। দুই দলের দ্বৈরথে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে শীর্ষে আছেন ব্রাজিলের দুই কিংবদন্তি জিকো ও নেইমার; দুজনেরই গোল দুটি করে।

বর্তমান গ্রুপ পরিস্থিতিও ম্যাচটিকে বাড়তি গুরুত্ব এনে দিয়েছে। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল। সমান পয়েন্ট হলেও গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থাকা স্কটল্যান্ডের সামনে তাই নকআউট পর্বে ওঠার সুযোগ এখনো খোলা। সেই লক্ষ্য পূরণে তাদের ইতিহাসের বিপরীত স্রোতে হাঁটতে হবে।

মজার বিষয় হলো, স্কটল্যান্ডের সঙ্গে একই গ্রুপে পড়া চার বিশ্বকাপের কোনোটিতেই শেষ পর্যন্ত শিরোপা জিততে পারেনি ব্রাজিল। শক্তিশালী দল নিয়েও ১৯৮২ সালে বিশ্বকাপের মাঝপথেই বিদায় নিয়েছিল। ১৯৯০ ও ১৯৯৮ সালেও ট্রফি হাতছাড়া হয় সেলেসাওদের, যদিও ১৯৯৮ সালে তারা ফাইনাল খেলেছিল।

দুই দলের সর্বশেষ সাক্ষাৎও ব্রাজিলের জন্য সুখস্মৃতির। ২০১১ সালে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে হওয়া প্রীতি ম্যাচে নেইমারের জোড়া গোলে ২-০ ব্যবধানে জয় পেয়েছিল তারা। তাই পরবর্তী ম্যাচে স্কটল্যান্ডের সামনে শুধু তিন পয়েন্টের লড়াই নয়, রয়েছে এক দীর্ঘ ইতিহাসের দেয়ালও।

বাংলাদেশে বিশ্বকাপ উন্মাদনা নিয়ে ফিফার পোস্ট

রাফিনিয়ার পরিবর্তে এবার কাকে খেলাবে ব্রাজিল

‘রোনালদো কেন আই অ্যাম ব্যাক বলল, বুঝলাম না’

ইংল্যান্ড কি তবে কালো জাদুর কাছেই হার মানল

‘আমরা দুর্ভাগ্যের শিকার হয়েছি’

বিশ্বকাপের ফাইনালেও ট্রফি তুলে দেবেন ট্রাম্প

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে লাল কার্ড দেখা সেই ফুটবলার

ঘাম ঝরানো জয়ে নকআউটে কলম্বিয়া

পানি পানের বিরতিতে বাণিজ্য হচ্ছে না, ফিফা সভাপতির দাবি

স্কটল্যান্ড ম্যাচের আগে বিড়ম্বনা, বিমানে আটকা ব্রাজিলের ফুটবলাররা