হোম > খেলা > ফুটবল

নকআউটে জার্মানির সঙ্গী হবে কোন কোন দল

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অনুশীলনে জার্মানির ডেনিজ উন্দাভ। আইভরি কোস্টের বিপক্ষে জোড়া গোল করায় আজ ইকুয়েডরের বিপক্ষে সবার নজরে থাকবেন তিনি। ছবি: এক্স

গ্রুপ ‘ই’ থেকে নকআউট পর্বের টিকিট পকেটে পুরে সবার আগে নির্ভার সাবেক চ্যাম্পিয়ন জার্মানি। তবে এই গ্রুপ এবং গ্রুপ ‘এফ’-এর বাকি দলগুলোর জন্য শেষ রাউন্ডের সমীকরণটা এখন বাঁচা-মরার। সেই লড়াইয়ের মাঠে নামার আগে ফুটবল বিশ্বের চোখ—শেষ বত্রিশের মঞ্চে এখন জার্মানির সঙ্গী হচ্ছে কোন দলগুলো? নকআউটের টিকিট নিশ্চিত করতে বাকি দলগুলোকে এখন মেলাতে হবে মাঠের পারফরম্যান্স আর জটিল সব হিসাব-নিকাশ।

আইভরি কোস্টের বিপক্ষে শেষ মুহূর্তের নাটকীয় জয়ে গ্রুপ ‘ই’ থেকে সবার আগে শেষ বত্রিশ নিশ্চিত করেছে ইউলিয়ান নাগেলসমানের দল। একই সঙ্গে কুরাসাও ও ইকুয়েডরের ম্যাচটি ড্র হওয়ায় জার্মানি গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের রাউন্ডে পা রাখছে। নকআউট পর্বে জার্মানির প্রতিপক্ষ হবে গ্রুপ এ, বি, সি, ডি অথবা এফের যেকোনো একটি তৃতীয় স্থানে থাকা দল। তবে জার্মানির কাছে হারলেও নকআউট পর্বের রেস থেকে ছিটকে যায়নি আইভরি কোস্ট। ফিলাডেলফিয়ায় আজ রাত ২টায় কুরাসাওর বিপক্ষে শুধু একটি ড্র বা জয় পেলেই গ্রুপ রানার্সআপ হিসেবে পরের রাউন্ডে যাবে তারা। কারণ, ইকুয়েডরের বিপক্ষে হেড-টু-হেড লড়াইয়ে এগিয়ে রয়েছে আফ্রিকান দলটি।

টেবিলে তৃতীয় স্থানে থাকা ইকুয়েডরের লক্ষ্য এখন যেকোনো মূল্যে শেষ ৩২-এ যাওয়া। সে জন্য নিউইয়র্কের মাঠে আজ তাদের শক্তিশালী জার্মানির মুখোমুখি হতে হবে এবং ম্যাচটি জিততেই হবে। জার্মানিকে হারাতে পারলে ৪ পয়েন্ট নিয়ে সেরা চার তৃতীয় দলগুলোর একটি হয়ে পরের রাউন্ডে যাওয়ার জোর সম্ভাবনা থাকবে লাতিন আমেরিকার দলটির। এই গ্রুপে সবচেয়ে কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে কুরাসাও। পরের রাউন্ডে সরাসরি যেতে হলে তাদের আইভরি কোস্টকে হারাতেই হবে, পাশাপাশি প্রার্থনা করতে হবে যেন ইকুয়েডর জার্মানির কাছে বড় ব্যবধানে হারে (যেহেতু কুরাসাও গোল ব্যবধানে বেশ পিছিয়ে)। ম্যাচটি ড্র হলে তারা তৃতীয় স্থানে উঠতে পারে, তবে মাত্র ২ পয়েন্ট নিয়ে টুর্নামেন্ট থেকে বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

গ্রুপ ‘ই’র এই জটিল হিসাব-নিকাশের দিনে গ্রুপ ‘এফ’-এও চলছে অন্য রকম এক রোমাঞ্চ। সুইডেনকে ৫-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে গ্রুপ ‘এফের’ শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস। কানসাস সিটিতে ভোর ৫টায় তিউনিসিয়ার বিপক্ষে শেষ ম্যাচে মাঠে নামার আগে ডাচরা কার্যত নকআউট পর্ব নিশ্চিত করে ফেলেছে। গাণিতিকভাবে সামান্য সমীকরণ বাকি থাকলেও নেদারল্যান্ডসের বাদ পড়ার কোনো আশঙ্কা নেই বললেই চলে। তিউনিসিয়া ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে, তাদের জন্য এটি শুধুই নিয়মরক্ষার ম্যাচ।

তবে এই গ্রুপের মূল রোমাঞ্চ জমে উঠেছে জাপান ও সুইডেনের মধ্যকার ম্যাচটিকে কেন্দ্র করে। ডালাসের মাঠে সরাসরি নকআউটে যেতে হলে সুইডেনকে অবশ্যই জাপানকে হারাতে হবে। ১ পয়েন্ট এগিয়ে থাকা জাপানের জন্য একটি ড্রই যথেষ্ট। এমনকি হারলেও জাপানের সামনে সেরা তৃতীয় দল হিসেবে যাওয়ার সুযোগ থাকবে; তবে সুইডেন যদি হেরে যায়, তবে তাদের বিদায়ঘণ্টা বেজে যেতে পারে। অবশ্য এই গ্রুপের যেকোনো দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি নেদারল্যান্ডস তাদের শেষ ম্যাচে তিউনিসিয়ার কাছে হেরে বা ড্র করে বসে।

নকআউট পর্বের টিকিট কাটার পাশাপাশি দলগুলোর নজর থাকবে শেষ ৩২-এর প্রতিপক্ষের ওপরও। সমীকরণ অনুযায়ী, গ্রুপ ‘ই’র রানার্সআপ দলকে শেষ ৩২-এ মুখোমুখি হতে হবে গ্রুপ ‘আই’-এর রানার্সআপের (ফ্রান্স, সেনেগাল, ইরাক বা নরওয়ে)। গ্রুপ ‘এফ’-এর চ্যাম্পিয়ন দল খেলবে গ্রুপ ‘সি’-এর রানার্স-আপের (ব্রাজিল, মরক্কো, হাইতি বা স্কটল্যান্ড) বিপক্ষে। আগামীকালের এই ব্লকবাস্টার ম্যাচগুলোর পরই নিশ্চিত হয়ে যাবে শেষ পর্যন্ত জার্মানির সঙ্গী হয়ে কারা যাচ্ছে নকআউটের মূলমঞ্চে।

ব্রাজিলের ম্যাচ ঝড়ে স্থগিত হলে মরক্কো-হাইতি ম্যাচের কী হবে

নকআউটে সুইজারল্যান্ড-কাতার, অপেক্ষায় বসনিয়া

শুরুর একাদশে নেই নেইমার, মাঠে নামবেন কখন

হতাশার ড্রয়ের পরও প্রত্যয়ী ইংল্যান্ড

গোলের লড়াই জমিয়ে তুলছেন মহাতারকারা

ব্রাজিল ম্যাচের আগমুহূর্তে নেইমারের বাবার বিশেষ বার্তা

‘নিপীড়িত’ ইরানের ভ্রমণ বিধিনিষেধ শিথিল করল যুক্তরাষ্ট্র

মেসির জন্মদিন যেভাবে উদ্‌যাপন করল আর্জেন্টিনা

মেসির এই বয়সেও এমন তারুণ্য

বিশ্বকাপের মাঝপথে নিয়ম পরিবর্তনের চিন্তা ফিফার