হোম > খেলা > ফুটবল

এক শুক্রবারেই ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার সব হারিয়েছেন

ক্রীড়া ডেস্ক    

কোনো এক শুক্রবার উপার্জনের ৯৯ শতাংশ হারিয়েছিলেন রবার্তো কার্লোস। ছবি: সংগৃহীত

কোনো এক সপ্তাহের বৃহস্পতিবার রাতে ঘুমোতে গিয়েছিলেন রবার্তো কার্লোস। তখনো অনেকটা নির্ভারই ছিলেন তিনি। কিন্তু ‘রিল্যাক্স মুডে’ থাকা ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কল্পনাও করতে পারেননি, কী সর্বনাশের খবর অপেক্ষা করছে তাঁর জন্য। আয়ের প্রায় সবই খুইয়ে ফেলেছিলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার।

কদিন আগে পর্তুগালে আয়োজিত এক ফুটবল সামিটে নিজের জীবনের ভয়ংকর এক অধ্যায়ের প্রসঙ্গ সামনে এনেছেন কার্লোস। ফুটবল থেকে উপার্জিত আয়ের ৯৯ শতাংশ কোনো এক শুক্রবার হারিয়ে ফেলেছিলেন বলে জানিয়েছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী ফুটবলার। ৫৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড বলেন, ‘কিছু মানুষের কারণে ভয়ংকর সমস্যায় পড়েছিলাম। তারা আমাকে নিঃস করে ফেলেছিলেন। ফুটবল থেকে যা উপার্জন করেছিলাম, তার ৯৯ শতাংশই হারিয়েছি এজেন্ট এবং পারিবারিক সমস্যার কারণে।’

খেলোয়াড়ি জীবনে আনুমানিক ১৬ কোটি ইউরো আয় করেছিলেন কার্লোস। বাংলাদেশি মুদ্রায় তা ২২৪০ কোটি ৪৮ লাখ টাকা। তবে কোনো এক শুক্রবার সকালে একগাদা কাগজপত্র হাতে পেয়েছিলেন। যেটার মাধ্যমে জানতে পেরেছিলেন তাঁর ৯৯ শতাংশ খুইয়ে ফেলার কথা।

কোনো এজেন্ট বা পরিবারের সদস্যদের কেউ জড়িত কি না, এ ব্যাপারে কার্লোস কিছু জানাননি। সম্প্রতি পর্তুগালে এক সামিটে ২০০২ বিশ্বকাপজয়ী ফুটবলার ঘটনার বিবরণ দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কার্লোস বলেন, ‘মারাত্মক এক পারিবারিক সমস্যায় পড়েছিলাম। বৃহস্পতিবার রাত ১২টায় ঘুমোতে গিয়েছিলাম। শুক্রবার পেয়েছিলাম একগাদা কাগজ। কোনো ধারণাই ছিল না সে ব্যাপারে। তখনই বুঝতে পারলাম যে নিঃস হয়ে গিয়েছি।’

ব্রাজিল জাতীয় দল, রিয়াল মাদ্রিদ, ইন্টার মিলান, ফেনারবাচেসহ একাধিক ক্লাবে খেলেছেন কার্লোস। প্রতিযোগিতামূলক ফুটবলে ৮১৭ ম্যাচে করেছেন ১০৩ গোল। অ্যাসিস্ট করেছেন ১৫৭ গোলে। রিয়াল মাদ্রিদের হয়ে লা লিগা, চ্যাম্পিয়নস লিগও জিতেছেন তিনি। ১৯৯৮, ২০০২ সালে টানা দুইবার বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। ফ্রান্সের বিপক্ষে ১৯৯৮ সালে রানার্সআপ হলেও জিতেছেন ২০০২ বিশ্বকাপ।