হোম > খেলা > ফুটবল

মাঠের লড়াইয়ের আগেই গ্যালারিতে বিতর্কের আগুন

ক্রীড়া ডেস্ক    

ম্যাচের আগে এমন পরিবেশ তৈরি করেছিল ভক্তরা। ছবি: সংগৃহীত

ডি ক্লাসিকারের ২০২তম আসর মাঠে গড়ানোর আগেই বিতর্কে জড়িয়েছে আয়াক্স ও ফেইনুর্দের সমর্থকেরা। এক পক্ষের বিতর্কিত ব্যানারের পর এবার ফেইনুর্দ সমর্থকদের বিরুদ্ধে উঠেছে ইহুদিবিদ্বেষী স্লোগান দেওয়ার অভিযোগ।

আজ রাত ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে ডাচ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আয়াক্স ও ফেইনুর্দ। ম্যাচের আগে শনিবার দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে রটারডাম ও আমস্টারডামে জড়ো হন হাজারো সমর্থক। নাচ, লাফালাফি ও আতশবাজিতে দুই দলের অনুশীলনস্থলে তৈরি হয় উৎসবের পরিবেশ। তবে সেই আয়োজনের মধ্যেই সমর্থকদের আচরণ নিয়ে বিতর্ক ছড়িয়েছে।

দিনের শুরুতে আয়াক্স সমর্থকদের একটি ব্যানার নজরে আসে। সেখানে রটারডাম শহরের ছবির ওপরে কয়েকটি বোমারু বিমানের অবয়ব ছিল। সঙ্গে লেখা ছিল ‘ব্লাডি সানডে’। ১৯৪০ সালের ১৪ মে রটারডামে জার্মানির বোমা হামলার ঘটনাকে ইঙ্গিত করেই ব্যানারটি প্রদর্শন করেন তারা।

এরপর রটারডামের ভারকেনুর্দে ফেইনুর্দ সমর্থকদের ইহুদিবিদ্বেষী স্লোগানের ভিডিও সামনে আসে। অনুশীলন শেষে খেলোয়াড়েরা সমর্থকদের কাছে এগিয়ে গেলে শিশুদেরও ‘হামাস, হামাস, ইহুদিদের গ্যাস চেম্বারে পাঠাও’ স্লোগান দিতে শোনা যায়।

এ সময় ভিড় নিয়ন্ত্রণে রাখতে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি সমর্থকদের সতর্ক করেন। তিনি বলেন, ‘সবাই ওই লাইনের পেছনে থাকো। কেউ সামনে এগোবে না।’

পরে খেলোয়াড়েরা সমর্থকদের অভিবাদনের জবাবে হাততালি দেন। সেই সময় ভিড়ের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, ‘আমরা ওই ইহুদিদের দেখে নেব।’ অন্যরাও কয়েকবার একই স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ব্যক্তি আবারও সমর্থকদের লাইনের পেছনে থাকার নির্দেশ দেন।