হোম > খেলা > ফুটবল

মেসির সামনে ১৩ বছরের পুরোনো দুঃস্মৃতি

ক্রীড়া ডেস্ক    

সবশেষ টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। ছবি: সংগৃহীত

গোলের দেখা নিয়মিতই পাচ্ছেন লিওনেল মেসি। তারকা ফরোয়ার্ড ব্যক্তিগত পারফরম্যান্সে উজ্জ্বল হলেও সময়টা ভালো যাচ্ছে না ইন্টার মায়ামির। টানা চার ম্যাচে জয়হীন থাকা মেসি এখন দাঁড়িয়ে আছেন পুরনো এক দুঃস্মৃতির সামনে।

মেজর লিগ সকারে (এমএলএস) আগামী ৩০ সেপ্টেম্বর নু স্টেডিয়ামে মন্ট্রিয়েলকে আতিথেয়তা দেবে মায়ামি। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এএস’-এর তথ্য অনুযায়ী, সে ম্যাচে জয় না পেলে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকবেন মেসি। যা হবে তাঁর ক্যারিয়ারে যৌথভাবে টানা সবচেয়ে বেশি হারের বিব্রতকর রেকর্ড। এর আগে ২০১৩ সালে এই তেঁতো অভিজ্ঞতা হয়েছিল বিশ্বকাপজয়ী অধিনায়কের।

সবশেষ টরন্টো এফসির কাছে ২-১ গোলে হেরেছে ইন্টার মায়ামি। মেসি গোল করেও দলকে হার থেকে বাঁচাতে পারেননি। এই হারে কোচ গিয়ের্মো হোয়োসের ওপরও চাপ বেড়েছে। টানা ব্যর্থতার দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। হোয়োস বলেন, ‘এখন যা কিছু ঘটছে, তার দায় আমার। আমরা যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি, তা সবাইকে কষ্ট দিচ্ছে। আর উদ্বেগও ইতিমধ্যে তৈরি হয়েছে।’

মায়ামির জন্য অবশ্য এমন পরিস্থিতি নতুন কিছু নয়। ২০২৫ সালেও টানা চার ম্যাচ জয়হীন ছিল তারা—দুটি করে ড্র ও হারের সেই ধারা শেষে টানা পাঁচ ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়েছিল ফ্লোরিডার ক্লাবটি।

২০১৩ সালে বার্সার হয়ে টানা পাঁচ ম্যাচ জয়ের মুখ দেখেননি মেসি। সেল্টা ভিগোর সঙ্গে ড্রয়ের পর প্যারিস সেন্ট-জার্মেইয়ের বিপক্ষে দুটি ম্যাচ ও অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ড্র করেছিল বার্সা। এরপর চ্যাম্পিয়নস লিগে বায়ার্ন মিউনিখের কাছে ৪-০ গোলে বিধ্বস্ত হয় কাতালান ক্লাবটি।

এবার সেই পুরোনো দুঃস্বপ্ন থেকে মাত্র ৯০ মিনিট দূরে মেসি। মন্ট্রিয়লের বিপক্ষে জয়ই কেবল তাঁকে ১৩ বছর আগের সেই অনাকাঙ্ক্ষিত রেকর্ড থেকে রক্ষা করতে পারে। আটবারের ব্যালন ডি’অরজয়ী অবশ্যই সেই ম্যাচে নিজের সেরাটা দিয়ে মায়ামিকে জয়ের ধারায় ফেরাতে মুখিয়ে থাকবেন।