হোম > খেলা > ফুটবল

কলম্বিয়ার ভূমিকম্পের প্রভাব পড়েছে আর্জেন্টিনার ক্লাবের ওপরও

ক্রীড়া ডেস্ক    

কলম্বিয়ার ভূমিকম্পের কারণে রিভার প্লেটের একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। ছবি: সংগৃহীত

৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে কলম্বিয়া। যার প্রভাব পড়েছে ফুটবলের ওপরও। আর্জেন্টিনা-কলম্বিয়ার ক্লাবের মধ্যকার একটি ম্যাচ হওয়ার কথা থাকলেও সেটা স্থগিত করা হয়েছে। নতুন তারিখ এখনো জানানো হয়নি।

কলম্বিয়ার স্থানীয় সময় আগামীকাল রাত ৯টা মিনিটে হওয়ার কথা ছিল কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ইন্দিপেন্দিয়েন্তে সান্তা ফে-রিভার প্লেট ম্যাচ। বাংলাদেশের হিসেবে পরশু সকাল সাড়ে ৮টায় মাঠে গড়াত ম্যাচটি। কিন্তু গতকাল কলম্বিয়ার স্থানীয় সময় সকালে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানায় ম্যাচটি পিছিয়ে দেওয়া হয়েছে। রাজধানী ও ম্যাচের আয়োজক শহর বোগোতায় ভূমিকম্পের প্রভাব তুলনামূলকভাবে কম হলেও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে কলম্বিয়ার ফুটবল কর্তৃপক্ষ এবং কনমেবল নিয়েছে এই সিদ্ধান্ত।

কলম্বিয়ার জনগণের প্রতি গভীর সংহতি প্রকাশ করে কনমেবল সান্তা ফে-রিভার প্লেট স্থগিতের কথা নিশ্চিত করেছে। তবে কোপা সুদামেরিকানার শেষ ষোলোর ম্যাচটি কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে কোনো বিস্তারিত তথ্য দেয়নি সংস্থাটি। আগামী সপ্তাহেও যদি ম্যাচটি কলম্বিয়ায় আয়োজন করা সম্ভব না হয়, তাহলে বিকল্প কোনো ভেন্যুতে ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না—সেটিও বলা হয়নি। সান্তা ফের সভাপতি এদুয়ার্দো মেন্দেস আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসকে বলেন, ‘কনমেবল প্রয়োজনীয় মনে করলে যে সিদ্ধান্ত নেওয়ার, সেটিই নেবে। আমাদের অপেক্ষা করা ছাড়া আর কিছুই করার নেই।’

ইবাগুয়েতে আজ হওয়ার কথা ছিল কোপা লিবার্তাদোরেসের দেপোর্তেস তোলিমা-ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ে ম্যাচ। কিন্তু কলম্বিয়ার ভূমিকম্পের কারণে ম্যাচটি স্থগিত করা হয়েছে। কোপা সুদামেরিকানার সান্তা ফে-রিভার প্লেট, কোপা লিবার্তাদোরেসের দেপোর্তেস তোলিমা-ইন্দিপেন্দিয়েন্তে দেল ভায়ে—এই দুই ম্যাচের নতুন কোনো তারিখ এখনো নিশ্চিত করা হয়নি।

এ ছাড়া কোপা সুদামেরিকানার ৮ ও ১৫ সেপ্টেম্বরের সপ্তাহে কোয়ার্টার ফাইনাল হওয়ার কথা। সে হিসেবে সান্তা ফে-রিভার প্লেট ম্যাচটি এক সপ্তাহ পিছিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ প্রথম লেগটি, যা মূলত এল ক্যাম্পিনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটা ১৯ আগস্ট হতে পারে। আর দ্বিতীয় লেগটি সাত দিন পর এল মনুমেন্তালে হতে পারে।

কলম্বিয়ার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে ৭.৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল চোকো বিভাগের সান হোসে দেল পালমার এলাকায়। কম্পন অনুভূত হয়েছে কালি, মানিসালেস ও পেরেইরায়। বোগোতা ও মেডেলিনেও কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তবে এখন পর্যন্ত সেগুলো তুলনামূলকভাবে সামান্য। কলম্বিয়ার ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানিয়েছে, এখন পর্যন্ত ২.৮ ও ৪.৮ মাত্রার দুটি আফটারশক রেকর্ড করা হয়েছে। এখন পর্যন্ত ১৩২ জন নিহতের খবর পাওয়া গেছে।

বোগোতা, অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকা এবং পুরো দেশজুড়ে উদ্ধার কার্যক্রম চলছে। এই পরিস্থিতিতে কলম্বিয়ার পেশাদার ফুটবল সংস্থা দিমাইয়র এ সপ্তাহের ফুটবল ম্যাচগুলো স্থগিত করেছে। ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি জানিয়ে এবং নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে নেওয়া এই সিদ্ধান্তের পর ম্যাচগুলো আগামী সপ্তাহের সোমবার থেকে পুনরায় আয়োজনের জন্য নতুন সূচি নির্ধারণ করা হয়েছে।