বিশ্বকাপে ফোলারিন বালোগানের লাল কার্ডের নিষেধাজ্ঞা স্থগিত করার ঘটনায় এবার ফিফার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জানাতে যাচ্ছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। সংস্থাটির সভাপতি লিসে ক্লাভেনেসের অভিযোগ, এই সিদ্ধান্ত ফুটবলের মৌলিক নীতিকেই প্রশ্নবিদ্ধ করেছে এবং ভবিষ্যতের জন্য বিপজ্জনক নজির তৈরি করেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লাভেনেস বলেন, ৬ আগস্ট এনএফএফ বোর্ড সভায় তিনি বিষয়টি উত্থাপন করবেন। বোর্ডের অনুমোদন পেলে ফিফার নৈতিকতা কমিটির কাছে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে। তাঁর ভাষায়, ‘এটি এমন একটি ঘটনা, যা কখনোই ঘটার কথা ছিল না।’
বিশ্বকাপের শেষ ষোলোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তাঁর নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে কথা বলেছিলেন। অভিযোগ, সেই রাজনৈতিক হস্তক্ষেপই সিদ্ধান্তে প্রভাব ফেলেছে।
ক্লাভেনেসের মতে, ‘এভাবে নিয়ম বদলাতে শুরু করলে পুরো খেলাই ঝুঁকির মুখে পড়বে। মৌলিক নিয়মের সঙ্গে আপস করা ফুটবলের জন্য উদ্বেগের বিষয়।’ তিনি আরও বলেন, ফিফার নেতৃত্বের উচিত প্রকাশ্যে স্বীকার করা যে এটি একটি ভুল সিদ্ধান্ত ছিল।
এনএফএফ ইতিমধ্যে ট্রাম্পকে ফিফার ‘পিস প্রাইজ’ দেওয়ার ঘটনায় ইনফান্তিনোর বিরুদ্ধে যে নৈতিক অভিযোগ করেছে, বালোগানের ঘটনাটিও সেই অভিযোগের সঙ্গে যুক্ত করতে চায়।
ক্লাভেনেস আরও অভিযোগ করেন, বালোগানের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আল-কামালি একাই নিয়েছেন, অন্য সদস্যদের সঙ্গে আলোচনা ছাড়াই। তাঁর মতে, ‘এ ধরনের বিতর্কিত সিদ্ধান্ত কখনো এককভাবে নেওয়া উচিত নয়।’
এদিকে আগামী বিশ্বকাপে দলের সংখ্যা ৪৮ থেকে ৬৪ করার প্রস্তাবেরও বিরোধিতা করেছেন ক্লাভেনেস। তাঁর মতে, ৪৮ দলই যথেষ্ট বড় পরিবর্তন ছিল। এখন আবার ৬৪ দলের আলোচনা শুরু হলে ফুটবলের প্রতি মানুষের আস্থাই নষ্ট হবে।