বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল জিতে ফাইনালে ওঠাই পাকিস্তানের লক্ষ্য। প্রতিপক্ষের মাঠে লড়াই, গ্যালারিভর্তি দর্শক কিংবা হামজা চৌধুরীর মতো তারকা—কোনোটিই আলাদা করে ভাবাচ্ছে না পাকিস্তানকে। বরং নিজেদের দলীয় সামর্থ্য কাজে লাগিয়েই স্বাগতিকদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায় দলটি। এমনটাই জানিয়েছেন পাকিস্তান গোলরক্ষক ইউসুফ বাট।
সাফ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আগামীকাল মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। ম্যাচটি ঘিরে দুই দলের সমর্থকদের মধ্যে উত্তেজনা থাকলেও পাকিস্তানের ভাবনায় রয়েছে ফাইনালের টিকিট। ইউসুফ বাটের প্রত্যাশা, প্রথম সেমিফাইনালে ভারত ভুটানকে হারিয়ে ফাইনালে উঠবে। তাই বাংলাদেশকে পেরিয়ে ভারতের বিপক্ষে শিরোপার লড়াইয়ে নামতে চায় পাকিস্তান।
শুক্রবার সকালে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশের সবচেয়ে আলোচিত ফুটবলার হামজা চৌধুরী প্রসঙ্গেও কথা বলেন পাকিস্তান অধিনায়ক। বুধবার শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৪-০ গোলের জয়ে একটি গোল ও একটি অ্যাসিস্ট করা হামজাকে নিয়ে আলাদা কোনো পরিকল্পনা নেই তাদের। ব্যক্তির চেয়ে দল হিসেবেই বাংলাদেশকে মোকাবিলা করতে চান তাঁরা।
ইউসুফ বাট বলেন, ‘আমার হামজাকে নিয়ে মাথাব্যথা নেই। তাকে নিয়ে অনেক আলোচনা হয়... তবে আমাদের দলে আবদুল্লাহ ইকবাল, ঈসা সুমান, আদিল নবী, আবদুল আরশাদদের মতো দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। সবকিছু দল নিয়ে, কোনো ব্যক্তিগত খেলোয়াড়কে নিয়ে নয়। আমরা সম্মিলিতভাবে মাঠে নিজেদের সেরাটা দেব।'
বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের পাশাপাশি জামাল ভূঁইয়ার সঙ্গে মাঠে দেখা হওয়ার অপেক্ষাতেও আছেন পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশের অধিনায়কের সঙ্গে তাঁর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এবার সেই বন্ধুর বিপক্ষেই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে হবে তাঁকে।
অন্যদিকে ঢাকার দর্শকদের সমর্থন যে বাংলাদেশের জন্য বড় শক্তি, তা ভালোভাবেই জানেন ইউসুফ। তবে এবার ভিএআর প্রযুক্তি থাকায় কিছুটা স্বস্তিতে পাকিস্তান। তাঁর মতে, স্বাগতিক দর্শকদের চাপ সামলাতে এই প্রযুক্তি সহায়ক হতে পারে।
এ প্রসঙ্গে পাকিস্তান গোলরক্ষক বলেন, ‘বাংলাদেশি দর্শকদের পক্ষ থেকে বেশ ভালো একটা চাপ থাকে। তবে আমি ব্যক্তিগতভাবে খুশি যে এবার সাহায্য করার জন্য ভিএআর থাকছে। ঘরের মাঠের সমর্থকদের চাপের মুখে এটি আমাদের জন্য একটি বড় সাহায্য হবে।’
বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের অতীত লড়াইয়ের স্মৃতিও ফিরেছে সংবাদ সম্মেলনে। ২০১৮ সালের সাফ চ্যাম্পিয়নশিপে জাতীয় স্টেডিয়ামেই পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের সেই ম্যাচে ৮৫ মিনিটে তপু বর্মণের হেডে করা গোলে জয় পেয়েছিল স্বাগতিকেরা। তবে সেই ফলকে বাংলাদেশের ভাগ্যের সহায়তা হিসেবেই দেখছেন ইউসুফ বাট। তাঁর মতে, আত্মঘাতী গোলের ঘটনাও ম্যাচের ফলাফলে প্রভাব ফেলেছিল।
এবার অবশ্য পুরোনো হিসাব নয়, নতুন লড়াইয়ের দিকেই মনোযোগ পাকিস্তানের। আগামীকাল দিনের প্রথম সেমিফাইনালে ভারতের মুখোমুখি হবে ভুটান। গ্রুপ পর্বে শ্রীলঙ্কার সঙ্গে ড্র করে এক পয়েন্ট নিয়েই সেমিফাইনালে উঠেছে ভুটান। বিপরীতে পাকিস্তানকে ৩-২ এবং মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে শেষ চারে এসেছে ভারত। তাই ফাইনালে ভারতের ওঠার সম্ভাবনাই বেশি দেখছেন ইউসুফ বাট। তবে সেই ফাইনালে পৌঁছাতে হলে আগে বাংলাদেশের বাধা অতিক্রম করতে হবে পাকিস্তানকে।