হোম > খেলা > ফুটবল

পর্তুগাল দলে ফেরা প্রসঙ্গে রোনালদোর কড়া বার্তা

ক্রীড়া ডেস্ক    

ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত

পর্তুগাল দলে ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যৎ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কোচ জর্জ জেসুসের সঙ্গে সাম্প্রতিক টানাপোড়েনের পর সিআরসেভেন নাকি স্পষ্ট করে দিয়েছেন, জেসুস দায়িত্বে থাকলে তিনি আর দলে ফিরবেন না। পর্তুগিজ সাংবাদিক রুই সান্তোসের বরাতে এমন দাবি করেছে ফরাসি সংবাদমাধ্যম ফুট মারকাতো।

নরওয়ের বিপক্ষে ২-১ গোলে জয়ের পর রোনালদোর দলে ফেরার বিষয়ে জেসুস বলেন, ‘সবকিছুই খোলা আছে। ক্রিস্টিয়ানোকে নিজের ভাগ্য নিজেকেই ঠিক করতে হবে, এটা আমার ওপর নির্ভর করে না। এটা একটা ভুল বোঝাবুঝি ছিল এবং আমার দৃষ্টিতে বিষয়টি সহজেই সমাধান করা সম্ভব। আমি দুঃখিত নই, সিদ্ধান্তটা তার।’

তবে জেসুসের এই বক্তব্যে রোনালদো সন্তুষ্ট হননি বলে দাবি করেছেন রুই সান্তোস। তাঁর ভাষ্য অনুযায়ী, তারকা ফরোয়ার্ড ঘনিষ্ঠজনদের জানিয়েছেন, ‘জর্জ জেসুস দলের দায়িত্বে থাকা পর্যন্ত আমি পর্তুগাল দলে ফিরব না।’

জেসুসের বক্তব্যের মধ্যে রোনালদো স্ববিরোধিতা দেখছেন বলেও জানিয়েছেন সান্তোস। একদিকে জেসুস চান রোনালদো ফিরে এসে নেশনস লিগে খেলুক। অন্যদিকে তিনি বলেছেন, রোনালদোর কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই এবং দল বাছাইয়ের সিদ্ধান্ত একমাত্র তাঁর।

এই টানাপোড়েনের সূত্রপাত হয় নরওয়ের বিপক্ষে ম্যাচে। সে ম্যাচের পুরো সময়ই বেঞ্চে ছিলেন রোনালদো। পরে ডেনমার্কের বিপক্ষে শুরু থেকে খেলানো হবে না জানতে পেরে পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান তিনি। এরপর সামাজিক মাধ্যমে রোনালদো জানান, উপযুক্ত সময়ে দল ছাড়ার কারণের পুরো সত্য প্রকাশ করবেন তিনি।

তবে রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা খোলা রাখার কথা জানিয়েছেন জেসুস। পর্তুগাল ফুটবল ফেডারেশনের সভাপতি পেদ্রো প্রোএন্সাও ঘটনাটিকে ভুল বোঝাবুঝি হিসেবে উল্লেখ করেছেন এবং রোনালদোর ফেরার সম্ভাবনার কথা বলেছেন।

রুই সান্তোসের দাবি সত্য হলে এখন রোনালদোর দলে ফেরার বিষয়টি সরাসরি জেসুসের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেল। তারকা ফুটবলারের আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ অধ্যায় কীভাবে লেখা হবে, সেটিই এখন বড় প্রশ্ন।