হোম > খেলা > ফুটবল

স্বপ্নের মতো শেষ করতে চান গ্রিজমান, ক্যাম্প ন্যুতে কি তা সম্ভব

ক্রীড়া ডেস্ক    

এক সময়ে বার্সেলোনার জার্সিতে খেলা আঁতোয়ান গ্রিজমান আজ খেলবেন সাবেক দলের বিপক্ষে। ছবি: এএফপি

আঁতোয়ান গ্রিজমানের বার্সেলোনা অধ্যায়টা মোটেও সুখকর হয়নি। কাতালান দলটিতে নিজেকে মেলে ধরতে বা দলের প্রত্যাশা পূরণ করতে পারেননি। সেই না পারা থেকেই প্রথমে ধারে, পরে আবার স্থায়ীভাবে গ্রিজমান ফিরে আসেন আগের ঠিকানা আতলেতিকোয়। মাদ্রিদের এই দলে চলতি মৌসুমই শেষ ফরাসি এই ফরোয়ার্ডের। তবে ক্যাম্প ন্যুতে আজ ফিরছেন গ্রিজমান।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে আজ আতলেতিকো মাদ্রিদকে আতিথেয়তা দেবে বার্সেলোনা। এই প্রতিযোগিতায় গ্রিজমানের লক্ষ্য হতে পারে একটাই—আতলেতিকো আগে যা অর্জন করতে পারেনি, সেটা তাদের পাইয়ে দিয়ে মাদ্রিদ অধ্যায় শেষ করা। এর আগে ২০১৪ এবং ২০১৬ সালের ফাইনালে খেলেছে আতলেতিকো। কিন্তু একবারও শিরোপা জিততে পারেনি। এবার শিরোপা থেকে এখনো বেশ দূরে দিয়েগো সিমিওনের দল। তারপরও গ্রিজমানের ব্রত হতে পারে—দলকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে স্বপ্নের মতো আতলেতিকো অধ্যায় শেষ করা। সেই লক্ষ্যে কোয়ার্টার ফাইনালের বৈতরণি উতরাতে অগ্রণী ভূমিকা নিতে হবে তাঁকেই।

২১১ গোল নিয়ে আতলেতিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হিসেবে আবির্ভূত হলেও দলটির হয়ে লিগ কিংবা চ্যাম্পিয়নস লিগ জেতা হয়নি গ্রিজমানের। এবার দলটির হয়ে চ্যাম্পিয়নস লিগ জেতার শেষ সুযোগ তাঁর।

কিছুদিন আগেই চলতি মৌসুম শেষে মেজর লিগ সকারের দল অরল্যান্ডো সিটিতে যোগ দেওয়ার কথা জানিয়েছেন তিনি। অরল্যান্ডো মার্চের শেষেই দলে পেতে চেয়েছিল তাঁকে। কিন্তু গ্রিজমানই তাদের থামিয়ে দেন। আতলেতিকোর হয়ে চ্যাম্পিয়নস লিগ এবং কোপা দেল রে জেতার সুযোগ তাঁর সামনে। যে সুযোগটা আন্তরিকভাবে কাজে লাগাতে চেয়েছেন তিনি।

বয়স ৩৫ হলেও এখনো দিয়েগো সিমিওনের দলের আক্রমণভাগের অন্যতম ভরসা গ্রিজমান। কোচের চাহিদামতো যেমন কঠোর পরিশ্রমের সঙ্গে অসাধারণ ফুট শৈলীর সংমিশ্রণ ঘটিয়েছেন। গত সপ্তাহে তাঁকে নিয়ে বার্সা কোচ হান্সি ফ্লিক প্রশংসায় ভাসিয়েছিলেন এভাবে, ‘গ্রিজমান একজন অদম্য খেলোয়াড়। তার ফুটবল খেলা অবিশ্বাস্য।’

সে হিসেবে হয়তো তাঁর অর্জন নেই। কিন্তু আতলেতিকোর হয়ে এবার কিছু অর্জনের আশা করছেন তিনি। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে স্পার্সকে ৫-২ গোলে উড়িয়ে দেওয়ার পর সেই আশার কথা শুনিয়েছেন গ্রিজমান, ‘আমি আশা করি, (এবার) আমরা বড় কিছু করতে পারব।’

গ্রিজমান এর আগেও বার্সেলোনাকে স্তব্ধ করে দিয়েছিলেন। এক দশক আগে ২০১৬ সালের কোয়ার্টার ফাইনালে দুই গোল করে তিনি মেসি, সুয়ারেজ ও নেইমারদের বিদায় করে আতলেতিকোকে সেমিফাইনালে তুলেছিলেন। যদিও সেবার ফাইনালে উঠেও সিমিওনের দল হেরে গিয়েছিল নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের কাছে।

সন্দেহ নেই, এই ম্যাচে ফেবারিট বার্সেলোনা । কিন্তু গ্রিজমানের রাজকীয় বিদায়ের ইচ্ছা এবং আক্রমণভাগে তাঁর সতীর্থ হুলিয়ান আলভারেজের নিজেকে মেলে ধরা আতলেতিকোকে অঘটন ঘটানোর রসদ জোগাতে পারে । দিনের আরেক ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজি নিজেদের মাঠে আতিথেয়তা দেবে লিভারপুলকে ।

রিয়াল-বায়ার্ন ম্যাচের বিতর্কিত ঘটনা নিয়ে কী বলছেন জার্মান রেফারি

‘রিয়ালের খেলা এখনো শেষ হয়নি’

হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের

নিষেধাজ্ঞা ঝুঁকিতে ভিনি-এমবাপ্পেসহ ছয় ফুটবলার

ইউরোপের দলের বিপক্ষে আগেও খেলেছিল বাংলাদেশ

বিশ্বকাপে জায়গা করে নিতে নেইমারের অস্ত্রোপচার

প্রথমবার ইউরোপে খেলতে যাচ্ছে বাংলাদেশ

‘এখন খেললে মৌসুমে হাজার গোল করতেন ম্যারাডোনা’

বাংলাদেশের সামনে আজ বাঁচা-মরার লড়াই

বায়ার্নের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে নামছে রিয়াল