নাইকির সঙ্গে সম্পর্ক শেষ করে নতুন পথচলা শুরু করলেন কিলিয়ান এমবাপ্পে। সুইজারল্যান্ডের ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন রিয়াল মাদ্রিদের এই ফরাসি ফরোয়ার্ড। নতুন প্রতিষ্ঠানের বৈশ্বিক দূত হওয়ার পাশাপাশি ফুটবলের জন্য পণ্য উন্নয়নেও সরাসরি কাজ করবেন তিনি।
এমবাপ্পের সঙ্গে এই চুক্তির মধ্য দিয়ে ফুটবলের বাজারে প্রবেশের পথে বড় পদক্ষেপ নিল অন। ২০১০ সালে দৌড়ানোর জুতা প্রস্তুতকারক হিসেবে যাত্রা শুরু করা প্রতিষ্ঠানটি এবার ফুটবলের জন্য নতুন পণ্য তৈরিতে মনোযোগ দিচ্ছে। টেনিস কিংবদন্তি রজার ফেদেরার ২০১৯ সালে প্রতিষ্ঠানটির সহ-মালিক হন।
অনেক সঙ্গে চুক্তির পর এমবাপ্পে বলেন, ‘শুরু থেকেই অনের প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে একসঙ্গে সম্পূর্ণ নতুন কিছু গড়ে তোলার সুযোগ দেখে, যা আগামী দিনের ফুটবলকে রূপ দিতে সাহায্য করবে। আমরা যা তৈরি করব, তাতে নিজের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি কাজে লাগাতে চাই। উদ্ভাবনের মাধ্যমে সম্ভাবনার সীমা আরও বাড়াতে চাই এবং সব সময় ফুটবলের আনন্দের প্রতি সৎ থাকতে চাই। আমাদের স্বপ্ন এক, আর এটি কেবল শুরু।’
সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় নিজের ফুটবলপ্রেমের কথা তুলে ধরেছেন এমবাপ্পে। ‘ড্রিম অন, ফুটবল’ শিরোনামের সেই লেখায় তিনি জানিয়েছেন, পেশাদার ফুটবলার হওয়ার পরও বন্ধুদের সঙ্গে খেলার সেই পুরোনো আনন্দ এখনো তাঁকে টানে।
এমবাপ্পে লিখেছেন, ‘আমি এখনো ফুটবল খেলার স্বপ্ন দেখি। জীবিকা হিসেবে যে ফুটবল খেলে, তার মুখে এ কথা শুনে হয়তো অবাক হবেন। কিন্তু এটাই সত্যি। আমি এখনো বন্ধুদের সঙ্গে ফুটবল খেলার স্বপ্ন দেখি। সূর্য ডোবা পর্যন্ত খেলার স্বপ্ন দেখি। রাতের খাবারের সময় হওয়া পর্যন্ত খেলার স্বপ্ন দেখি। শুধু খেলার আনন্দে ফুটবল খেলার স্বপ্ন দেখি, অনেক আগে, যখন এটি পেশা হয়ে ওঠেনি।’
নতুন চুক্তিকে নিজের জীবনের অন্যতম বড় পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন এমবাপ্পে, ‘এখন আমি এমন কিছু উদ্ভাবকের মাঝে আছি, যাঁরা আমার মতোই একই স্বপ্ন দেখেন। ফুটবলকে যতটা সম্ভব বলের কাছাকাছি নিয়ে আসার স্বপ্ন। মানুষকে যতটা সম্ভব খেলার কাছাকাছি নিয়ে আসার স্বপ্ন। বিশ্বকে যতটা সম্ভব খেলাধুলার কাছাকাছি নিয়ে আসার স্বপ্ন।’
বার্তার শেষাংশে এমবাপ্পে লিখেছেন, ‘যে স্বপ্নগুলো বদলাতে চায় না, সেগুলোই সাধারণত সবকিছু বদলে দেয়। ড্রিম অন।’