হোম > খেলা > ফুটবল

সেমিফাইনালের আগে ধাক্কা খেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দীর্ঘ সময়ের জন্য ছিটকে গেছেন সাদ উদ্দিন। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার বিপক্ষে গতকাল খেলার সময় গোড়ালিতে চোট পান রাইটব্যাক সাদ উদ্দিন। ৮০ মিনিটে তাঁর বদলি হিসেবে মাঠে নামেন রহমত মিয়া। ম্যাচশেষে সংবাদ সম্মেলনেই বাংলাদেশ কোচ টমাস ডুলি শঙ্কা প্রকাশ করে বলেছিলেন, ‘সাদের টুর্নামেন্ট হয়তো এখানেই শেষ।’

আজ অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদের চোটের সবশেষ অবস্থা জানান দলের অভিজ্ঞ মিডফিল্ডার জামাল ভূঁইয়া। জামাল জানিয়েছেন, অ্যাকিলিস টেন্ডন ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে যাচ্ছেন জাতীয় দলের এই ডিফেন্ডার। চোটের ভয়াবহতা তুলে ধরে জামাল বলেন, ‘আমি শুনলাম তার অ্যাকিলিস ছিঁড়ে গেছে। তাই অন্তত এক বছর মাঠের বাইরে থাকবে।’

দুই ম্যাচে ক্লিন শিট ধরে রেখে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ , যেখানে প্রতিপক্ষ পাকিস্তান। শ্রীলঙ্কার বিপক্ষে দাপুটে জয়ে দলের সবাই সন্তুষ্ট হলেও সেমির লড়াইয়ের আগে সাদের ছিটকে যাওয়া রক্ষণভাগের জন্য বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। টানা ম্যাচের সূচিতে পুরো স্কোয়াডের প্রস্তুত থাকার গুরুত্ব তুলে ধরে জামাল বলেন, ‘পুরো স্কোয়াড দরকার। কারণ, গতকাল ম্যাচ ছিল। তারপরে দুই দিন পরে আবার ম্যাচ আছে। এখন সাদ উদ্দিন চোটে পড়েছে। অবশ্যই সেখানে ব্যাকআপ লাগবে। আপনি দেখেছেন হৃদয় সেন্টারব্যাক হিসেবে খেলছে। তাই পুরো স্কোয়াড দরকার।’

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালের আগে ধাক্কা খেল বাংলাদেশ। ছবি: বাফুফে

গ্রুপ পর্বের শেষ ম্যাচে এমন দাপুটে জয়ে দল ফুরফুরে মেজাজে থাকলেও মাত্র দুই দিন পর অনুষ্ঠেয় সেমিফাইনালে পাকিস্তানকে বেশ সমীহ করছেন জামাল। শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তানকে শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে এগিয়ে রেখে নিজের মূল্যায়ন জানাতে গিয়ে তিনি বলেন, ‘এখন ফোকাস রাখতে হবে পাকিস্তান ম্যাচে। কারণ, পাকিস্তান আমার মনে হয় শ্রীলঙ্কার চেয়ে ভালো দল।’