হোম > খেলা > ফুটবল

২ পরিবর্তন ও ৮ প্রবাসী নিয়ে পাকিস্তানের বিপক্ষে নামছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ছবি: আজকের পত্রিকা

দীর্ঘ ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার হাতছানি বাংলাদেশের সামনে। ২৩ বছরের শিরোপা-খরা কাটানোর মিশনে আজ শনিবার দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে স্বাগতিকেরা। ঢাকার জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে আটটায় শুরু হবে এই হাইভোল্টেজ ম্যাচ।

২০০৫ সালের পর প্রথমবারের মতো ফাইনালের টিকিট নিশ্চিত করার লড়াইয়ে শুরুর একাদশে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। পাশাপাশি কোচ টমাস ডুলির একাদশে জায়গা পেতে যাচ্ছেন আটজন প্রবাসী ফুটবলার।

অ্যাকিলিস টেন্ডনের চোটের কারণে টুর্নামেন্টের বাকি অংশ থেকেই ছিটকে গেছেন ডিফেন্ডার সাদ উদ্দিন। তাঁর জায়গায় রাইট-ব্যাক পজিশনে একাদশে ফিরছেন শ্রীলঙ্কার বিপক্ষে বদলি হিসেবে নামা রহমত মিয়া। অন্য পরিবর্তনটি আসছে আক্রমণভাগে। শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলে জয়ের ম্যাচে মূল স্ট্রাইকার হিসেবে খেলা মোহাম্মদ ইব্রাহিমের পরিবর্তে আজ শুরুর একাদশে দেখা যেতে পারে জাপান প্রবাসী ফরোয়ার্ড শুকি ইতোফুসাকে। আক্রমণের ধার বাড়াতে সামনে ভিন্ন বিকল্প হিসেবেই তাঁকে বাজিয়ে দেখতে চাইছে টিম ম্যানেজমেন্ট।

শুরুর একাদশে এই দুই পরিবর্তনের ফলে বাংলাদেশের একাদশে প্রবাসী ফুটবলারের সংখ্যা দাঁড়াচ্ছে আটে। গোলপোস্টের নিচে মেহেদী হাসান শ্রাবণ, রক্ষণে রহমত মিয়া ও আক্রমণে রাকিব হোসেন–এই তিন দেশি ফুটবলারের সঙ্গে একাদশের বাকি আটটি জায়গাই থাকছে প্রবাসীদের দখলে। রক্ষণে তারিক রায়হান কাজী, জিদান আলেকজান্ডার ইউসুফ ও জায়ান আহমেদের সঙ্গে মাঝমাঠ সামলাবেন হামজা চৌধুরী, শমিত সোম ও সৈয়দ শাহ কাজেম কিরমানি। আর আক্রমণভাগে রাকিবের সঙ্গী হবেন দুই প্রবাসী শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।

গ্রুপ পর্বে কোনো গোল হজম না করেই পাঁচ গোল দিয়ে অপরাজিত থেকে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে শেষ চারের লড়াইয়ে স্বাগতিকদের সামনে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিতে প্রস্তুত পাকিস্তানও। ফিফা উইন্ডোর বাইরে টুর্নামেন্ট হওয়ায় গ্রুপ পর্বে খেলতে না পারা পাঁচ প্রবাসী ফুটবলার দলের সঙ্গে যোগ দেওয়ায় শক্তি বেড়েছে তাদের।

আবদুল্লাহ ইকবাল, ঈসা সুলাইমান, আলী আকবর খান, আদিল নবী ও আবদুল সামাদ শাহজাদ স্কোয়াডে ফেরায় কোচ নলবার্তো সোলানোর হাতে বিকল্প বেড়েছে। গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ৩-২ গোলে হার দিয়ে শুরু করলেও মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।

বাংলাদেশের একাদশ: মেহেদী হাসান শ্রাবণ, তারিক রায়হান কাজী, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, কাজেম শাহ, রাকিব হোসেন, শুকি ইতোফুসা ও ফারহান আলী ওয়াহিদ।