হোম > খেলা > ফুটবল

বাঙালি বলেই বাংলাদেশে খেলার সিদ্ধান্ত নিয়েছেন ফারহান

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

ফারহান আলী ওয়াহিদ। ছবি: সংগৃহীত

আসিয়ান কাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া তিন নতুন মুখের একজন ফারহান আলী ওয়াহিদ। এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে পরিবারের সবাই বাঙালি বলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম থেকে ধারে বর্তমানে বোরহাম উডের হয়ে খেলছেন ফারহান। চেলসি একাডেমিতে ফুটবলের হাতেখড়ি নেওয়ার পর ফুলহাম একাডেমিতে ফুটবল দক্ষতার বিকাশ ঘটান তিনি। আসিয়ান কাপে তাঁকে নিয়ে বড় স্বপ্ন দেখছে বাংলাদেশ।

আসিয়ান কাপে বাংলাদেশের প্রথম ম্যাচে আগামী ২৫ সেপ্টেম্বর; প্রতিপক্ষ মালয়েশিয়া। হামজা চৌধুরী, জামাল ভুঁইয়াদের বাকি দুই প্রতিপক্ষ সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়া।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে ফারহান বলেন, ‘আপনি জানেন, আমার পুরো পরিবারই বাঙালি। তাঁরা সত্যিই, বলতে গেলে, আমি এই সিদ্ধান্তটা নিয়েছি—এতে তাঁরা খুব খুশি হয়েছেন। তাই আমি শুধু চাই, ভবিষ্যতেও যেন তাঁদের গর্বিত করতে পারি।’

গত বছর বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছে আরেক ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজার। তাঁকে এই অঞ্চলের ফুটবলারদের জন্য আদর্শ হিসেবে দেখছেন ফারহান, ‘দক্ষিণ এশীয় ফুটবলারদের জন্য তিনি (হামজা) শতভাগ একজন রোল মডেল। তাঁর সঙ্গে একটি ছবি শেয়ার করতে পারাটাও সত্যিই সম্মানের বিষয়।’

আসিয়ান কাপে নিজেদের লক্ষ্য নিয়ে ফারহান বলেন, ‘আর আমি সত্যিই আশা করি, আমরা মাঠে একটা ভালো বোঝাপড়া তৈরি করতে পারব এবং বাংলাদেশের হয়ে ম্যাচ জিততে পারব। এখন পর্যন্ত অভিজ্ঞতাটা খুবই ভালো। নতুন একটি দলের সঙ্গে খেলতে পেরে আমি সত্যিই উপভোগ করছি। বাংলাদেশের হয়ে এটাই আমার প্রথম অভিজ্ঞতা। দলের সবাই আমাকে দারুণভাবে গ্রহণ করেছে। তারা আমাকে আপন করে নিয়েছে, সাহায্য করেছে, সমর্থন করেছে।’

ফারহান আরও যোগ করেন, ‘আমার মনে হচ্ছে, এখান থেকে আমরা আরও অনেক দূর এগোতে পারি। আমি অনুভব করছি, এই দলের অংশ হতে পেরে আমার মধ্যে অনেক গর্ব কাজ করছে। জাতীয় দলের হয়ে আমি সত্যিই ভালো করতে চাই। আমার মনে হয়, আমরা সত্যিই কিছু একটা করতে পারি। দল হিসেবে এখান থেকে আরও অনেক কিছু গড়ে তুলতে পারি। আমরা প্রতিনিয়তই আরও ভালো হচ্ছি।’