প্রাক মৌসুমে মোনাকোর কাছে ৩-২ গোলে হারের পর লিভারপুলের খেলোয়াড়দের পারফরম্যান্স নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন প্রধান কোচ আন্দোনি ইরাওলা। তাঁর মতে, ৯০ মিনিট একই মাত্রার পারফরম্যান্স ধরে রাখার মতো শারীরিক সক্ষমতা অর্জন করতে পারেনি তাঁর দলের ফুটবলাররা।
অ্যানফিল্ডে মোনাকোর বিপক্ষে দারুণ শুরু করেছিল লিভারপুল। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই আলেক্সান্ডার ইসাক ও ফ্লোরিয়ান ভিৎজের গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় তারা। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে স্বাগতিকেরা। সেই সুযোগে ঘুরে দাঁড়িয়ে জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্সের ক্লাবটি।
এই নিয়ে প্রাক মৌসুমে টানা দ্বিতীয় ম্যাচে দুই গোলের লিড নিয়ে হারল লিভারপুল। এর আগে লিডস ইউনাইটেডের বিপক্ষে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ৪-২ গোলে হেরে মাঠ ছেড়েছিল রেডরা। দলের পারফরম্যান্সের এই ওঠানামার কারণ হিসেবে ফিটনেসকেই সামনে আনলেন ইরাওলা।
মোনাকোর কাছে হারের পর ইরাওলা বলেন, ‘সমস্যা হলো, এই মুহূর্তে সম্ভবত ৯০ মিনিট খেলার মতো শক্তি তাদের নেই। তারা ক্লান্ত হয়ে পড়তে শুরু করে। তাদের আরও সময় লাগবে, আমাদের তাদের সঙ্গে আরও বেশি অনুশীলন করতে হবে।’
পুরো ম্যাচে একইরকমভাবে খেলতে না পারাকেই এখন দলের বড় সমস্যা বলে মনে করছেন ইরাওলা, ‘আমার মনে হয়, আমরা প্রথমার্ধে, বিশেষ করে প্রথম ৩০ মিনিটে, খুব ভালো খেলেছি। কিন্তু এই মুহূর্তে সম্ভবত এভাবে খেলার জন্য যে মাত্রার সামর্থ্য প্রয়োজন, সেটি ধরে রাখার মতো শক্তি আমাদের আর বেশি নেই। এরপর দ্বিতীয়ার্ধে তারা অনেক ভালো খেলেছে।’
প্রাক মৌসুমে মোনাকোর বিপক্ষে ম্যাচ দিয়েই লিভারপুরের বেশ কয়েকজন অভিজ্ঞ খেলোয়াড় প্রথমবারের মতো মাঠে নামেন। তাঁদের শারীরিক অবস্থার বিষয়ে ইরাওলা বলেন, ‘আমার মনে হয়, তারা ভিন্ন ভিন্ন পর্যায়ে ছিল, তবে বেশির ভাগই ভালো অবস্থায় ছিল। যাদের এটি প্রথম ম্যাচ ছিল, এমনকি যাদের দ্বিতীয় ম্যাচ ছিল, তারাও শক্তি নিয়ে খেলেছে।’