গুরুতর চোট কাটিয়ে মাঠে ফিরেই গোল ও অ্যাসিস্টে দলের জয়ে অবদান রেখেছেন লাউতারো মার্তিনেজ। ৪৬ দিনের কঠোর পরিশ্রমের পর স্বাভাবিক ছন্দে ফিরতে পেরে উচ্ছ্বসিত ইন্টার মিলানের আর্জেন্টাইন অধিনায়ক।
বুধবার চ্যাম্পিয়ন্স লিগে গুরুত্বপূর্ণ গোল করে মাঠে ফিরেছিলেন মার্তিনেস। এবার সিরি আ’র ১৩তম রাউন্ডে জেনোয়ার বিপক্ষে গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে গোল করিয়েছেন তিনি। তারকা ফরোয়ার্ডের এমন পারফরম্যান্সে ৪-০ গোলের বড় জয় পেয়েছে ইন্টার।
জেনোয়ার বিপক্ষে দিউফের আক্রমণের সঙ্গে বক্সে জায়গা করে নেন মার্তিনেস। এরপর ডান পায়ে প্রথম স্পর্শেই নিখুঁত ফিনিশিংয়ে বল জালে পাঠান আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলতি সিরি আ মৌসুমে এটি তাঁর পঞ্চম গোল। পরে থুরামকেও গোল করান তিনি।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগে ২০১৮-১৯ মৌসুম থেকে টানা নয় মৌসুমে অন্তত পাঁচটি করে গোল করেছেন মাত্র দুজন ফুটবলার। মার্তিনেসের সঙ্গে এই কীর্তি আছে কিলিয়ান এমবাপ্পের।
মাঠে ফিরতে কতটা পরিশ্রম করেছেন, ম্যাচ শেষে সেটিও জানিয়েছেন লাউতারো। গুরুতর চোটের কারণে ৪৬ দিন মাঠের বাইরে থাকলেও এই সময়টাতে নিজের ফিটনেস ফিরে পেতে কঠোর অনুশীলন করেছেন তিনি।
মার্তিনেস বলেন, ‘এভাবে ফিরতে পেরে আমি সত্যিই খুব খুশি। গুরুতর চোট পেয়েছিলাম, তবে কঠোর পরিশ্রম সব সময়ই শেষ পর্যন্ত ফল দেয়। মাঠের বাইরে থাকা ৪৬ দিন আমি অবিশ্বাস্য পরিশ্রম করেছি। সেরা অবস্থায় ফিরতে এমনকি দিনে দুইবারও অনুশীলন করেছি। আমার মনে হয়, দলের জন্য ভালো অবস্থায় ফিরতে পেরেছি এবং সাহায্য করতে পারছি বলে খুশি।’
গোল করাই যে একজন স্ট্রাইকারের একমাত্র দায়িত্ব নয়, সেটিও মনে করিয়ে দিয়েছেন মার্তিনেস। দলের প্রয়োজনে রক্ষণে অবদান রাখার পাশাপাশি সতীর্থদের সহযোগিতা করাকেও গুরুত্বপূর্ণ মনে করেন ইন্টার অধিনায়ক।
মার্তিনেস বলেন, ‘আমি সব সময় কঠোর পরিশ্রম করার চেষ্টা করি এবং দলকে সাহায্য করি, গোল না করলেও। এর মধ্যে রক্ষণে ফিরে আসাও আছে। আধুনিক ফুটবলে স্ট্রাইকারদেরও যখন সুযোগ থাকে, তখন রক্ষণে সাহায্য করতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ইন্টার যেন জেতে। আজ আমি সতীর্থদের সাহায্য করেছি, আর এই জয়ের কৃতিত্ব সবার প্রাপ্য।’
ইন্টারের হয়ে আরও ট্রফি জিততে চান মার্তিনেস। এ জন্য নিজের সেরাটা দিতে মুখিয়ে আছেন তিনি, ‘আমি ইন্টারের হয়ে আরও ট্রফি জিততে চাই। আমাদের সবটুকু দিতে হবে। আমি গোল করলে ভালো, আর গোল না করলেও সতীর্থদের সাহায্য করার জন্য যা যা করা সম্ভব, সব করতে হবে।’